মীরসরাইয়ে পুলিশের টহল ভ্যানে বাসের ধাক্কা, আহত ৬ সদস্য

চট্টগ্রামের মীরসরাই উপজেলার বারইয়ারহাটে পুলিশের একটি টহল ভ্যানে ধাক্কা দিয়েছে একটি যাত্রীবাহী বাস। এতে ভ্যানে থাকা ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। শুক্রবার (২০ নভেম্বর) ভোর ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌর বাজারের দক্ষিণে চিনকী আস্তানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন এসআই মিল্টন, এএসআই সালাহ উদ্দিন, কনস্টেবল শফিক, কনস্টেবল রানা, আরিফ ও সাফায়েত। তাদের মধ্যে চারজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহত কনস্টেবল শফিক ও রানার অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত সবাই জোরারগঞ্জ হাইওয়ে থানার সদস্য।

জোরারগঞ্জ হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে হাইওয়ে পুলিশের একটি দল টহল ভ্যান নিয়ে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে নিয়মিত টহল দিচ্ছিল। এ সময় পেছন থেকে দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা ছয় পুলিশ সদস্য আহত হন। পরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি রাকিবুল হাসান বলেন, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। তাকে আটকের চেষ্টা চলছে। দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।