চট্টগ্রামের হাটহাজারীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেলো দুই ভাইসহ তিনজনের। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত দুইজন।
নিহতরা হলেন- হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হায়দার আলী সিপাহী বাড়ির মো. হারুনের ছেলে ইফতেখার মাহমুদ তুষার (৩২) ও তার ছোট ভাই ইমতিয়াজ মাহমুদ ইরাত (২৮)। নিহত দুই ভাই কিছুদিন আগে প্রবাস থেকে দেশে ফিরেছিলেন। নিহত আরেকজন হলেন মো. ফাহিম (১৯)। তার বাড়িও হাটহাজারীতে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকাল ৩টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া মুছার দোকান এলাকায় হাটহাজারী-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে দুই মোটরসাইকেলে থাকা পাঁচ আরোহী আহত হন। যাদের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তুষার ও ইরাত মোটরসাইকেলে করে ফরহাদাবাদের বাড়ি থেকে হাটহাজারীর দিকে যাচ্ছিলেন। পথে চারিয়া মুছার দোকান এলাকায় নাজিরহাটমুখী আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। সংঘর্ষের পর দুই মোটরসাইকেলের আরোহীরা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তুষারকে মৃত ঘোষণা করেন। ইরাত ও ফাহিমের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই ইরাত মারা যান। এর কিছুক্ষণ পর ফাহিম চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সানজিদা তাবাসসুম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আহত কয়েকজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে একজনের মৃত্যু হয়। পরে গুরুতর আহত অবস্থায় দুইজনকে চমেক হাসপাতালে পাঠানো হয়।’
নাজিরহাট হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মুস্তাফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজনেরই মৃত্যু হয়েছে। আহত হয়েছেন দুইজন।’