সমুদ্রপথে বিদেশে পাচারের চেষ্টা, যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার নারী-শিশুসহ ৮ রোহিঙ্গা

কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে থাইল্যান্ড ও মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে আটকে রাখা নারী ও শিশুসহ আট রোহিঙ্গাকে উদ্ধার করেছে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনী। উদ্ধার ব্যক্তিদের মধ্যে পাঁচ নারী, দুই পুরুষ ও আট মাস বয়সী এক শিশু রয়েছে।

শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। রবিবার (২২ নভেম্বর) দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

আইএসপিআর জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লেঙ্গুরবিল এলাকায় বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়। ওই এলাকায় সমুদ্রপথে থাইল্যান্ড ও মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে ২০ থেকে ২৫ জনকে জিম্মি করে রাখা হয়েছে বলে তথ্য ছিল। এর পরিপ্রেক্ষিতে অভিযান চালায় যৌথ বাহিনী।

অভিযানের সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে মানবপাচারকারী চক্রের সদস্যদের পাশাপাশি কয়েকজন ভুক্তভোগীও পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে পাঁচ নারী, দুই পুরুষ ও আট মাস বয়সী এক শিশুকে উদ্ধার করা হয়। উদ্ধার ব্যক্তিরা সবাই রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্য। তাদের মধ্যে ক্যাম্প-১৮ ও ক্যাম্প-২০-এর বাসিন্দা রয়েছেন। পরে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম বলেন, সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনী শনিবার রাতে মালয়েশিয়াগামী আটজনকে থানায় হস্তান্তর করেছে। তাদের বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

উল্লেখ্য, গত ৫ নভেম্বর টেকনাফের পাহাড়ে মানবপাচারকারী চক্রের আস্তানায় অভিযান চালাতে গিয়ে সশস্ত্র দুর্বৃত্তদের গুলিতে সেনাসদস্য মোহাম্মদ তিতাস শেখ (২৭) নিহত হন। ওই অভিযানে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ৫৬ জনকে উদ্ধার করা হয়। এ সময় মানবপাচারকারী চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করা হয়েছিল।