কক্সবাজার সৈকতে মালয়েশিয়াগামী ট্রলার ফেলে পালালো পাচারকারীরা, উদ্ধার ২৮

কক্সবাজার প্রতিনিধি
২১ নভেম্বর ২০২৬, ১২:৩৯ আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ১২:৪৩

সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের সময় কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে ভেসে আসা একটি ট্রলার থেকে নারী ও শিশুসহ ২৮ জনকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার (২০ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সৈকতের লাবণী পয়েন্টে ট্রলারটি ভিড়লে স্থানীয়দের খবরে পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫) ও কোস্টগার্ডের সদস্যরা অভিযান চালিয়ে তাদের উদ্ধার করেন। তবে এ সময় ট্রলারে থাকা পাচারকারীরা পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে ট্রলারে থাকা ব্যক্তিদের উদ্ধার করে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করার পাশাপাশি এই মানবপাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

উদ্ধার হওয়া ব্যক্তি ও সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য অনুযায়ী, টেকনাফ থেকে ৭২ জন নারী, পুরুষ ও শিশুকে একটি মাছ ধরার ট্রলারে করে মালয়েশিয়া নেওয়ার পরিকল্পনা ছিল। প্রায় এক সপ্তাহ সাগরে থাকার পর ট্রলারের মাঝিমাল্লা ও পাচারকারী চক্রের সদস্যদের মধ্যে বিরোধ বাধে। এর জের ধরে শুক্রবার রাতে তাদের লাবণী পয়েন্টে নামিয়ে দিয়ে ট্রলার থেকে পালিয়ে যায় চক্রের সদস্যরা।

উদ্ধার ব্যক্তিদের একজন টেকনাফ সদর ইউনিয়নের কচুবনিয়া এলাকার বাসিন্দা ইলিয়াস জানান, গত ১২ নভেম্বর মিঠাপানির ছড়া নৌঘাট থেকে ছোট নৌকায় করে তাদের সাগরে থাকা একটি বড় ট্রলারে নেওয়া হয়। এরপর কয়েক দিন সাগরে কাটাতে হয় তাদের। ট্রলারে থাকা ১৭ জন মাঝিমাল্লা ও দালালের মধ্যে বিরোধের পর তাদের লাবণী পয়েন্টে নামিয়ে দিয়ে পালিয়ে যায় তারা।

এর আগে গত ৫ নভেম্বর টেকনাফের পাহাড়ে মানবপাচারকারী চক্রের আস্তানায় অভিযান চালানোর সময় সশস্ত্র দুর্বৃত্তদের গুলিতে তিতাস শেখ (২৭) নামের এক সেনাসদস্য নিহত হন। ওই অভিযানে মানবপাচারের শিকার ৫৬ জনকে উদ্ধার করে যৌথ বাহিনী। এ ঘটনায় পাচারকারী চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করা হয়।

কক্সবাজারের উপকূলীয় এলাকায় প্রায়ই মানবপাচারের শিকার ব্যক্তিদের উদ্ধারের ঘটনা ঘটছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রতিবছর শুষ্ক মৌসুমে সমুদ্রপথে মানবপাচারের তৎপরতা বাড়ে। এ সময় পাচারকারী চক্র বিভিন্ন এলাকার মানুষ ও রোহিঙ্গাদের পাহাড়ি এলাকায় আটকে রাখে। পরে সুযোগ বুঝে মাছ ধরার ট্রলারে করে তাদের মালয়েশিয়া ও থাইল্যান্ডে পাঠানোর চেষ্টা করে।

/আরএইচ/
সম্পর্কিত
১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পাঠাচ্ছে মালয়েশিয়া
একের পর এক হুমকি, নিজের নিরাপত্তা চেয়ে জিডি করলেন থানার ওসি
প্রত্যেক নারীর ক্যানসার স্ক্রিনিংয়ের সুযোগ নিশ্চিতের তাগিদ ডা. জুবাইদার
সর্বশেষ খবর
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
রেকর্ডের পথে রোনালদো, জয় হাতছাড়া আল নাসরের
রেকর্ডের পথে রোনালদো, জয় হাতছাড়া আল নাসরের
মায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেফতার আওয়ামী লীগ নেতা
মায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেফতার আওয়ামী লীগ নেতা
মণিপুরে ভেজাল মদ পানে ১৫ জনের মৃত্যু
মণিপুরে ভেজাল মদ পানে ১৫ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
পদত্যাগ করলেন গোপালগঞ্জ জামায়াতের এক নেতা, বললেন ‘আমার পক্ষে সম্ভব নয়’
পদত্যাগ করলেন গোপালগঞ্জ জামায়াতের এক নেতা, বললেন ‘আমার পক্ষে সম্ভব নয়’
ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার
ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার
মজুরি বাড়ানোর প্রস্তাবে বিজিএমইএর ৬ আপত্তি, সামনে আনলো ২৮৭ কারখানা বন্ধের তথ্য
মজুরি বাড়ানোর প্রস্তাবে বিজিএমইএর ৬ আপত্তি, সামনে আনলো ২৮৭ কারখানা বন্ধের তথ্য
দেশে এলে শেখ হাসিনার জন্য দুটি জায়গা প্রস্তুত: হাবিব উন নবী খান
দেশে এলে শেখ হাসিনার জন্য দুটি জায়গা প্রস্তুত: হাবিব উন নবী খান
গোপালগঞ্জে থানা পুড়িয়ে দেওয়া নিয়ে যা বললেন আইজিপি
গোপালগঞ্জে থানা পুড়িয়ে দেওয়া নিয়ে যা বললেন আইজিপি