ফটিকছড়িতে চা শ্রমিকদের বেতনের টাকা ছিনতাই, গ্রেফতার ৭

চট্টগ্রামের ফটিকছড়িতে চা শ্রমিকদের বেতন ও পূজার বোনাসের টাকা ছিনতাইয়ের ঘটনায় সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ৭ লাখ ৩৩ হাজার টাকার মধ্যে ৫ লাখ ৩৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। রবিবার (২২ নভেম্বর) দুপুরে জেলা এসপি মাসুদ আলম এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন সম্রাট (২৪), রাশেদ (২৪), মোহাম্মদ আবু (২১), জিহান উদ্দীন (২৪), জাবেদ (৩৩), সুমন ওরফে সিসিলেন (২২) ও লিলু আক্তার (২৭)। তাদের মধ্যে মোহাম্মদ আবু ও  সুমন আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৫ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে ফটিকছড়ির পঞ্চবটি চা বাগানের ভেতরে মসজিদসংলগ্ন কাঁচা রাস্তায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা চা বাগানের সহকারী ব্যবস্থাপক নেপাল দাশ (৬০) ও পল্লিচিকিৎসক বাবুল দাশকে (৫৩) ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আহত করে। পরে তাদের হেফাজতে থাকা শ্রমিকদের বেতন ও পূজার বোনাসের ৭ লাখ ৩৩ হাজার টাকা ছিনিয়ে নেয়।

ঘটনার পরপরই অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে মোহাম্মদ আবু ও জিহান উদ্দীনকে গ্রেফতার করে ভূজপুর থানা-পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাত ২টার দিকে পঞ্চবটি চা বাগানসংলগ্ন টিলাপাড়া এলাকা থেকে সম্রাট ও রাশেদকে গ্রেফতার করা হয়। পরদিন ১৬ অক্টোবর বিকাল ৪টার দিকে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকা থেকে মামলার প্রধান আসামি জাবেদকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩ হাজার টাকা উদ্ধার করা হয়।

পরে গত ১৯ নভেম্বর ভূজপুর বাজারে ইউনিয়ন পরিষদের সামনে থেকে সুমন ওরফে সিসিলেনকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্য ও আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির সূত্র ধরে গত ২১ নভেম্বর রাত পৌনে ১০টার দিকে জাবেদের বসতবাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় জাবেদের স্ত্রী লিলু আক্তারের দেখানো মতে, বসতঘরের বাঁশের চাটাইয়ের সিলিংয়ের ওপর লুকিয়ে রাখা একটি কালো ব্যাগ থেকে আরও ৫ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়।