মেশিন দিয়ে তৈরি করছিলেন ইয়াবা, শিখেছেন ইউটিউব ও চ্যাটজিপিটি থেকে

বন্দর নগরী চট্টগ্রামে উদ্ধার হয়েছে মাদক ইয়াবা তৈরির মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম। এ মেশিনে তৈরি ইয়াবা দীর্ঘ দিন ধরে বিক্রি করা হচ্ছে চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ একজনকে গ্রেফতার করেছে। শনিবার (২১ নভেম্বর) রাতে এ অভিযান পরিচালনা করা হয়। 

গ্রেফতার ব্যক্তির নাম তৌহিদুল আলম আকিব (১৯)। তিনি চট্টগ্রামের পটিয়া উপজেলার কুলগাঁও এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। থাকতেন হাটহাজারী থানাধীন ১৪নং শিকারপুর ইউনিয়নের কুয়াইশ সাজেদা ম্যানশনে। 

চান্দগাঁও থানার এসআই ফরহাদ মহিম জানিয়েছেন, গ্রেফতারের পর তৌহিদুল আলম আকিব পুলিশকে জানান, ইউটিউব দেখে এবং চ্যাটজিপিটির সহায়তায় সে ইয়াবা তৈরির কৌশল রপ্ত করেছে। এরপর নারায়ণগঞ্জ থেকে ইয়াবা তৈরির মেশিন কেনেন। তার বর্তমান ভাড়া বাসায় এ মেশিন  স্থাপন করেন। পরে ব্যবসার উদ্দেশে ইয়াবা ট্যাবলেট তৈরি করে বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছিলেন। 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ জানান, গত শনিবার রাতে চান্দগাঁও থানা এলাকায় মোবাইল টিম-৩১ ডিউটিতে নিয়োজিত পিএসআই প্রসেনজিৎ বড়ুয়া কাপ্তাই রাস্তার মাথা এলাকায় সন্দেহ জনক ঘোরাফেরা করার সময় তৌহিদুল আলম আকিব নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। এ সময় তার দেহ তল্লাশি করে দুই পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, পরে গ্রেফতার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্বীকার করেন, তার বাসায় ইয়াবা ট্যাবলেট তৈরির মেশিন রয়েছে। এ তথ্যের ভিত্তিতে পুলিশের একটি টিম তাকে সঙ্গে নিয়ে হাটহাজারী থানাধীন কুয়াইশ সাজেদা ম্যানশনের ৪র্থ তলায় অভিযান পরিচালনা করা হয়৷ পরে তার দেখানো মতে একটি ইয়াবা ট্যাবলেট তৈরির মেশিন ও ইয়াবা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।