চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের যাতায়াতের শাটল ট্রেনে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে ট্রেনের কর্মীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতি হয়নি।
রবিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নগরের বটতলী রেলস্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনে এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাওসিফ হোসাইন আনন্দ বলেন, টিউশন শেষে বটতলী স্টেশন থেকে শাটল ট্রেনে ওঠার সময় তিনি ঘটনাটি দেখতে পান। বগিতে ওঠার আগমুহূর্তে একজন আগুন লাগার কথা জানালে রেলওয়ের এক কর্মী তা নেভাতে এগিয়ে যান। পরে তিনিও সহযোগিতা করেন। একপর্যায়ে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
তাওসিফ আরও বলেন, প্রথমে ঘটনাটিকে ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটি বলে মনে হয়েছিল। তবে পরে বগির ভেতরে কেরোসিনের তীব্র গন্ধ পাওয়া যায়। খোঁজাখুঁজি করে একটি কেরোসিনের বোতল পাওয়া যায়। বগির আসনগুলোতেও কেরোসিন মাখানো ছিল। এসব দেখে তার ধারণা, পরিকল্পিতভাবে ট্রেনে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে।
চবি প্রক্টর অধ্যাপক ড. কামরুল ইসলাম বলেন, রাত সাড়ে ৮টার দিকে বটতলী স্টেশনে দাঁড়িয়ে থাকা বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়। ট্রেনের কর্মীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পরে ওই ট্রেনের পরিবর্তে অন্য একটি ট্রেনে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসা হয়।
তিনি আরও বলেন, ঘটনাটি নাশকতার চেষ্টা বলে মনে হচ্ছে। এ ধরনের ঘটনা এড়াতে রেলওয়ে কর্তৃপক্ষকে ট্রেন স্টেশনে দাঁড়িয়ে থাকা, যাত্রা শুরুর আগের সময়সহ সব অবস্থায় নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি বটতলী স্টেশন ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার এবং টহল বাড়ানোর কথা বলা হয়েছে।
প্রক্টর বলেন, চলন্ত ট্রেনে এ ধরনের ঘটনা ঘটানোর সুযোগ তুলনামূলক কম। তবে ট্রেন থেমে থাকা অবস্থায় পর্যাপ্ত নিরাপত্তা না থাকলে দুর্বৃত্তরা সুযোগ নিতে পারে। এ কারণে স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের নিরাপত্তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখতে হবে।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আবু জাফর মজুমদার বলেন, কেউ একজন ট্রেনের দরজার কাছে কেরোসিনজাতীয় পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। রেলওয়ের কর্মীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলেন।