পিকআপের ধাক্কায় অটোরিকশার চালকসহ দুজন নিহত, একজনের অবস্থা আশঙ্কাজনক

কুমিল্লার চৌদ্দগ্রামে পিকআপের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। সোমবার (২৩ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার আমজাদের বাজারের কালিশ্বর রাস্তার মাথায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার কালিকাপুর এলাকার শফিক মিয়ার ছেলে সিএনজি অটোরিকশার চালক আব্দুল মতিন (৩৫) ও হিঙ্গলা এলাকার আহসান উল্লাহর ছেলে অটোরিকশার যাত্রী মোহাম্মদ আরিফ (৩০)।

চৌদ্দগ্রামের মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিরঞ্জন কুমার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নম্বরবিহীন একটি পিকআপ পেছন থেকে সিএনজিচালিত অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা চালকসহ পাঁচজন আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে মোহাম্মদ ইয়াকুবের (৩৯) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দুই যাত্রী রাসেল (৪) ও সুফিয়া বেগম (৫০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।’