নিজ বাসা থেকে সরকারি কলেজের শিক্ষিকার লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরের খুলশীতে নিজ বাসা থেকে ছন্দা শর্মা কান্তা (৩৬) নামে এক কলেজ শিক্ষিকার লাশ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (২৩ নভেম্বর) রাত ১০টার দিকে দক্ষিণ খুলশী এলাকার ওই বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

চন্দা শর্মা চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। তিনি সাতকানিয়া উপজেলার আমিলাইশ কাঞ্চনা বঙ্গচন্দ্র ঘোষ ইনস্টিটিউটের শিক্ষক শ্রী হরেরাম শর্মার মেয়ে। তার স্বামীর নাম মলই কান্তি শর্মা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে বাসায় না থাকায় তিনি একা ছিলেন। তার স্বামী কাজ থেকে ফিরে দীর্ঘক্ষণ ধরে ডাকাডাকির পরও দরজা না খোলায় দারোয়ানকে ডেকে দরজা ভেঙে ফেলেন তারা। পরে বসতঘরের শয়নকক্ষে তার লাশ দেখতে পান। এরপর তারা পুলিশকে খবর দেন।

খুলশী থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাতে খবর পেয়ে লাশ উদ্ধার করেছি। নিহতের পরিবারের কোনো অভিযোগ নেই। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’