লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের কেরোয়া শাখার প্রধান ফটকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পালিয়ে যাওয়ার সময় ইমন হোসেন নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে আটক করে স্থানীয়রা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
সোমবার (২৩ নভেম্বর) রাতে উপজেলার মণ্ডলতলী বাজারসংলগ্ন গ্রামীণ ব্যাংকের কেরোয়া শাখায় এ ঘটনা ঘটে।
আটক ইমন হোসেন উপজেলার কেরোয়া ইউনিয়নের লুধুয়া গ্রামের খোকা আমিনের ছেলে। তিনি কেরোয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, সোমবার রাতে কয়েকজন দুর্বৃত্ত গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ের প্রধান ফটকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক যুবক ব্যাংকের গেটে পেট্রোল ঢেলে আগুন দিচ্ছেন। এ সময় আরেক যুবক পাশের সড়ক থেকে ঘটনাটি ভিডিও করছিলেন। আগুন দেওয়ার পরপরই তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয়রা ধাওয়া করে ইমনকে আটক করেন। এ সময় তার সঙ্গে থাকা আরও দুজন পালিয়ে যান।
আগুনের ধোঁয়া দেখতে পেয়ে আশপাশের বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে আটক যুবককে স্থানীয়রা পুলিশের হাতে তুলে দেন।
গ্রামীণ ব্যাংকের কেরোয়া শাখার ব্যবস্থাপক আব্দুর রহমান বলেন, সোমবার রাতে দুর্বৃত্তরা শাখার প্রধান ফটকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয়রা ধাওয়া করে একজনকে আটক করে পুলিশে দেন। এর আগে গত বুধবার রাতেও এই শাখায় পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছিল।
এএসপি হোসাইন রায়হান কাজেমী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আটক যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।