ছাত্রশক্তির নেতাকর্মীদের ওপর শিবিরের হামলার অভিযোগ, ‘গুপ্ত গুপ্ত’ স্লোগান

চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজে জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে কলেজ শাখা ছাত্রশিবিরের বিরুদ্ধে। এ সময় উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। 

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে কলেজের অধ্যক্ষ অধ্যাপক সারাহ পারীনের সঙ্গে জাতীয় ছাত্রশক্তির নেতৃবৃন্দরা দেখা করতে গেলে প্রশাসনিক ভবনের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করে হামলায় জড়িত শিবির নেতাকর্মীদের শাস্তি দাবি জানিয়েছেন ছাত্রশক্তির নেতারা।

জাতীয় ছাত্রশক্তির চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, ‘মঙ্গলবার দুপুরে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরীর নেতৃত্বে সংগঠনের চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি রশিদ দিনার এবং আমিসহ নেতাকর্মীরা কলেজের অধ্যক্ষের সঙ্গে দেখা করতে যাই। প্রশাসনিক ভবনের সামনে পৌঁছালে ছাত্রশিবিরের নেতাকর্মীরা আমাদের পথ আটকে দেন। এ নিয়ে তাদের সঙ্গে আমাদের বাগবিতণ্ডা হয়। পরে আমরা অধ্যক্ষের কক্ষে প্রবেশ করলে আনুমানিক ১০০ থেকে ১৫০ জন শিবিরকর্মী সেখানে ঢুকে পড়েন। তারা কক্ষের ভেতরেই আমাদের কলেজ শাখার মুখ্য সংগঠক মাইনুদ্দিনসহ কয়েকজনের ওপর হামলা ও মারধর করেন। পরে অধ্যক্ষের কক্ষ থেকে বের হওয়ার সময় পেছন থেকে ধাওয়া করে আবারও আমাদের ওপর হামলা করা হয়।’

তবে হামলায় ছাত্রশিবিরের সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রশিবিরের চট্টগ্রাম মহানগর উত্তর শাখার সেক্রেটারি খুররম মুরাদ। তিনি বলেন, ‘মহসিন কলেজে আমাদের কোনও কমিটি নেই। কলেজের অধ্যক্ষের পক্ষ থেকে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করে নোটিশ দেওয়া হয়েছে। আমরা সেই নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে সেখানে কোনও কমিটি গঠন করিনি। হামলার সঙ্গে শিবিরের সংশ্লিষ্টতা নেই।’

এদিকে ‘শিবির শিবির, গুপ্ত গুপ্ত’, ‘শিক্ষা ও সন্ত্রাস একসঙ্গে চলে না’—এমন নানা স্লোগানে মহসিন কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করেছেন ছাত্রশক্তির নেতাকর্মীরা। ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা ও হেনস্তার অভিযোগ এনে বিকাল ৩টার দিকে এ বিক্ষোভ করেন তারা।

পরে বিকাল সাড়ে ৩টায় কলেজের ফটকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হামলার অভিযোগ তুলে ধরেন ছাত্রশক্তির নেতারা। তাদের দাবি, হামলায় সংগঠনটির কয়েকজন নেতাকর্মী ও কলেজের শিক্ষার্থী আহত হয়েছেন। তবে হামলা ও হেনস্তার অভিযোগ অস্বীকার করেছে ছাত্রশিবির।

সংবাদ সম্মেলনে ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী বলেন, কলেজ শাখার নেতাদের নিয়ে ক্যাম্পাস পরিদর্শন ও প্রশাসনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাই আমরা। এ সময় ছাত্রশিবিরের নেতাকর্মীরা সাংগঠনিক পরিচয় গোপন করে আমাদের কার্যক্রমে বাধা দেন এবং অতর্কিত হামলা চালান। হামলায় ছাত্রশক্তির কলেজ শাখার মুখ্য সংগঠকসহ কয়েকজন আহত হন।

কলেজ শাখার আহ্বায়ক আব্দুল বাসির নাঈম বলেন, ‘আমরা প্রধান ফটকে ঢোকার সময় ছাত্রশিবির আমাদের পেছন থেকে বাধা দেয়। অধ্যক্ষ ও উপাধ্যক্ষের সঙ্গে দেখা করতে গেলে সাধারণ শিক্ষার্থীর পরিচয়ে ছাত্রশিবিরের লোকজন আমাদের ওপর হামলা চালান। হামলায় জুলাইযোদ্ধা ও অনার্স প্রথম বর্ষের ছাত্র নয়নও আহত হয়েছেন। ছাত্রশিবির সন্ত্রাসী কায়দায় কলেজে আধিপত্য কায়েম করে রেখেছে।’

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক খান তালাত মাহমুদ রাফি বলেন, ‘শিক্ষার্থীদের রাজনীতি করা গণতান্ত্রিক অধিকার। যারা গুপ্ত রাজনীতির মাধ্যমে বিভাজন তৈরি করতে চান, তারা নিজেদের স্বার্থ নিয়েই ভাবেন, বাংলাদেশ নিয়ে নয়।’

এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর শাখা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক প্রশাসনিক শাস্তির আওতায় আনতে কলেজ প্রশাসনের প্রতি দাবি জানিয়েছে সংগঠনটি। পাশাপাশি ছাত্র শিবির সারাদেশে বেনামে ছাত্ররাজনীতির বিরোধিতার ভান করে নিজেরা গোপনে রাজনীতি করছে এবং ভিন্নমতের ওপর হামলা চালাচ্ছে। এই দ্বিচারিতা ও সন্ত্রাসের বিরুদ্ধে সারাদেশে একযোগে রাজনৈতিক ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

ঘটনার বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে বাংলাদেশ ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক ওয়াহিদুল ইসলাম দৈনিক আজাদীকে বলেন, এটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, বড় কিছু ঘটেনি। তাঁর দাবি, মহসিন কলেজে ছাত্রশিবিরের কোনো কমিটি নেই এবং সাধারণ শিক্ষার্থীদের সঙ্গেই মূলত ছাত্রশক্তির ঝামেলা হয়েছে।