চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ শরিফুল আলমের পদত্যাগের দাবিতে ফের বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোররাতে বিক্ষোভ করেন তারা।
জরুরি সভা শেষে বের হওয়া সময় এ বিক্ষোভ মিছিল বের করা হয়। এই মিছিলে শিক্ষার্থীরা ‘শরিফুল বয়কট’, ‘শরিফুল মানি না’ সহ নানা স্লোগান দেন। ভিসি হিসেবে শরিফুলের দায়িত্ব নেওয়ার ৬৬ দিনের মাথায় এই গভীর রাতে বিক্ষোভের ঘটনা ঘটলো। এর আগে শিক্ষার্থীরা টানা ৩৬ দিন আন্দোলন করেছিলেন।
বিক্ষুব্ধ শিক্ষার্থী আবুল হাসনাত অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের চলমান বিভিন্ন সমস্যা সমাধান এবং নানান বকেয়া ও দায়দেনার বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছেন বর্তমান উপাচার্য।
এদিকে, গত পাঁচ মাস ধরে বেতন পাচ্ছেন না বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গবেষণা প্রকল্পে নিয়োজিত গবেষণা সহকারীরা। ইউজিসি থেকে বরাদ্দ পাওয়ার পরও প্রশাসনিক জটিলতায় তাদের বেতন পরিশোধ করা যাচ্ছে না। একই সঙ্গে আটকে রয়েছে শিক্ষক-কর্মকর্তাদের নতুন জাতীয় বেতনস্কেল কার্যকরের প্রক্রিয়াও। এতে একদিকে আর্থিক সংকটে পড়েছেন গবেষণা সহকারীরা, অন্যদিকে নতুন বেতন স্কেলের সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছেন শিক্ষক-কর্মকর্তারা।
উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর চুয়েটের উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে ২২ সেপ্টেম্বর থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। একই দাবিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও কর্মবিরতি পালন করেন। এতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম কার্যত অচল হয়ে পড়ে। গত ২৮ অক্টোবর শিক্ষার্থীরা ক্লাসে ফিরলেও বিশ্ববিদ্যালয়ের অনেক একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম এখনো স্বাভাবিক হয়নি। উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীরা এখনো উপাচার্য ভবনে তালা দিয়ে রেখেছেন।