আইনজীবী আলিফ হত্যার দুই বছর, বাবা বললেন বিচারটা যেন দেখে যেতে পারি

চট্টগ্রামের আইনজীবী ও সহকারী পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুই বছর পূর্ণ হয়েছে। ২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত এলাকায় নৃশংসভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয় আইনজীবী আলিফকে। 

এ ঘটনায় দায়ের করা মামলার বিচার কার্যক্রম এখনও শেষ হয়নি। মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসসহ ৩৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করা হয়। তাদের মধ্যে ২৭ জনকে গ্রেফতারের পর বর্তমানে কারাগারে থাকলেও এখনও পলাতক ১০ জন আসামি। তারা ধরাছোঁয়ার বাইরে আছেন।

তবে দুই বছরেও বিচার শেষ না হওয়ায় ক্ষুব্ধ আলিফের পরিবারের সদস্য ও সহকর্মীরা। আলিফ হত্যাকারীদের বিচারের দাবিতে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি বুধবার আদালত প্রাঙ্গণে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দিয়েছে। তার পরিবারের পক্ষ থেকে হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে হস্তান্তরের জন্য জেলা প্রশাসককে স্মারকলিপি দেওয়া হয়েছে।

২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালতের অদূরে সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। নৃশংসভাবে হত্যার পর তার লাশের ওপর দাঁড়িয়ে নৃত্য করে হত্যাকারীরা।

এরপর রাষ্ট্রদ্রোহের মামলায় ঢাকা থেকে গ্রেফতারের পর চিন্ময় কৃষ্ণ দাসকে ২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রামের আদালতে হাজির করা হয়। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করলে ইসকনের সদস্যরা আদালত এলাকায় তাণ্ডব শুরু করেন। এ সময় তারা কোর্টহিল জামে মসজিদসহ বিভিন্ন স্থাপনায় হামলা চালায়। একপর্যায়ে সাধারণ আইনজীবী ও বিচারপ্রার্থীদের সঙ্গে ইসকন সদস্যদের সংঘাত শুরু হয়। সংঘাতের মধ্যেই আলিফকে রঙ্গম কনভেনশন হলের সামনে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। 

আলিফ হত্যার ঘটনায় তার বাবা জামাল উদ্দিন বাদী হয়ে কোতোয়ালি থানায় ৩১ জনকে আসামি করে মামলা করেন। 

২০২৫ সালের ১ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা সাবেক মহানগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি) মাহফুজুর রহমান ৩৭ জনকে আসামি করে আদালতে এ মামলায় অভিযোগপত্র জমা দেন। এতে প্রধান আসামি করা হয় চিন্ময় কৃষ্ণ দাসকে। পরে ২৫ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেন আদালত।

চার্জশিটে বাকি আসামিদের মধ্যে রয়েছেন- চন্দন দাশ মেথর, রিপন দাশ, রাজীব ভট্টাচার্য্য, শুভ কান্তি দাশ, আমান দাশ, বুঞ্জা, রনব, বিধান, বিকাশ, রমিত প্রকাশ দাস, রুমিত দাস, নয়ন দাশ, ওমকার দাশ, বিশাল, লালা দাশ, সামীর, সোহেল দাশ, শিব কুমার, বিগলাল, পরাশ, গণেশ, ওম দাস, পপি, অজয়, দেবী চরণ, দেব, জয়, লালা মেথর, দুর্লভ দাস, সুমিত দাশ, সনু দাস, সকু দাস, ভাজন, আশিক, শাহিত, শিবা দাস ও দ্বীপ দাস। 

বুধবার বিকালে মামলার বাদী ও আলিফের বাবা জামাল উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, আমার ছেলেকে দিনদুপুরে প্রকাশ্যে হত্যা করা হয়েছে। তাকে আর ফিরে পাবো না। আমার বয়স হয়েছে। ছেলে হত্যার বিচারটা যেন আমি দেখে যেতে পারি। যারা আমার ছেলেকে হত্যা করেছে তাদের উপযুক্ত শাস্তি চাই।

মামলার আইনজীবী সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, আলিফ হত্যা মামলায় মোট ৩৭ জন আসামির বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছেন আদালত। এর মধ্যে ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ১০ জন এখনও পলাতক রয়েছেন।

তিনি আরও বলেন, অভিযোগপত্রে ৪৯ জন সাক্ষী রয়েছেন। এর মধ্যে মাত্র চারজনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের জন্য চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে আবেদন করেছিলেন মামলার বাদী। এখনও মামলাটি স্থানান্তর করা হয়নি। 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ বলেন, আলিফ হত্যা মামলায় যেসব আসামি এখনও গ্রেফতার হয়নি তাদের গ্রেফতারে অভিযান চলমান আছে। যে ১০ আসামি পলাতক তাদের আমরা খুঁজছি।