কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ছদ্মবেশে অভিযান চালিয়ে নানা অনিয়মের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। যেখানে বিভিন্ন পণ্য কেনার ক্ষেত্রে বাড়তি টাকা দেখানো হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয়ের এনফোর্সমেন্ট ইউনিটের নির্দেশে দুদক কুমিল্লার একটি দল এ অভিযান পরিচালনা করে। এতে দুদক কুমিল্লার সহকারী পরিচালক মো. এমরান হোসেন নেতৃত্ব দেন।
অভিযানে হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতার সামগ্রী কেনাকাটায় বাজারমূল্যের তুলনায় অস্বাভাবিক বেশি দাম দেখানোর তথ্য পেয়েছে দুদক। মেসার্স মিথিল এন্টারপ্রাইজের সরবরাহ করা বিভিন্ন পণ্যের চালান ও বাস্তব বাজারমূল্য যাচাই করে এ অসঙ্গতি শনাক্ত করা হয়।
দুদকের তথ্য অনুযায়ী, ৬০ টাকা বাজারমূল্যের সাবান কেনা হয়েছে ৮৯ টাকা দরে। ১৪০ টাকা মূল্যের ৫০০ মিলি টয়লেট ক্লিনারের দাম ধরা হয়েছে ২৪৯ টাকা। ২০০ টাকার ফিনাইলের দাম দেখানো হয়েছে ৩৯৯ টাকা। ২৫ টাকার টয়লেট টিস্যু কেনা হয়েছে ৬৯ টাকা দরে।
একইভাবে ১০০ টাকা বাজারমূল্যের হ্যান্ডওয়াশের দাম ধরা হয়েছে ১৯০ টাকা। এ ছাড়া ওয়াশিং পাউডার, প্লাস্টিকের বদনা, পানির জগসহ বিভিন্ন পণ্যেও বাজারমূল্যের চেয়ে বেশি দাম দেখানোর তথ্য পাওয়া যায়।
দুদকের প্রাথমিক পর্যবেক্ষণে, এসব পণ্য কেনাকাটায় দেড় থেকে তিন গুণ পর্যন্ত বেশি দাম ধরে সরকারি অর্থের অপচয় ও আত্মসাতের আশঙ্কা রয়েছে।
অভিযান শেষে দুদক জানায়, অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট আরও কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র চাওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা এসব নথি সরবরাহের জন্য সময় চেয়েছেন। প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ ও পর্যালোচনা শেষে কমিশন বরাবর পূর্ণাঙ্গ এনফোর্সমেন্ট প্রতিবেদন দাখিল করা হবে।
দুদক কুমিল্লার উপ-পরিচালক রাফি মো. নাজমুস সাদাত জানান, অভিযান শুরুর আগে কর্মকর্তারা ছদ্মবেশে হাসপাতালের সার্বিক পরিবেশ ও চিকিৎসাসেবা কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পরে রোগী ও সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলে বিভিন্ন রেকর্ডপত্র যাচাই করা হয়।
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক চিকিৎসক মো. শাহজাহান বলেন, দুদকের কর্মকর্তারা এসেছেন, তাদেরকে সহযোগিতা করেছি। সংশ্লিষ্ট দফতরে যা যা জানতে চেয়েছেন তারা জেনেছেন- রেকর্ড করেছেন।
অভিযানে দুদক কুমিল্লা উপ-সহকারী পরিচালক সিদ্দিকুর রহমান রুবেল এবং সানজিদা আকতার শিলা উপস্থিত ছিলেন।