বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না, দিল্লির মসনদও তছনছ করে দিতে পারে: হেফাজত

আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলে নেওয়ার পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের পরিবহনমন্ত্রী অর্জুন সিং যে হুমকি দিয়েছেন, তার ওই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান এ প্রতিবাদ জানিয়েছেন। বিবৃতিতে কড়া হুঁশিয়ারি দিয়ে তারা বলেছেন, ‘বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না।’ হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদীর সই করা বিবৃতিতে এ কথা বলা হয়। 

বিবৃতিতে তারা বলেছেন, যেখানে ভারতের পাপেট পতিত ফ্যাসিস্ট হাসিনা গোটা রাষ্ট্রযন্ত্রের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেও বাংলাদেশের স্বাধীনচেতা ছাত্র-জনতাকে দাবিয়ে রাখতে পারেনি, সেখানে বাহির থেকে বাংলাদেশ দখলের হুমকি ফাঁকা বুলি ছাড়া আর কিছু নয়। বরং জুলাইয়ের বিপ্লবী ছাত্র-জনতা ভারতের সবচেয়ে বড় পরীক্ষিত অ্যাসেট হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করায় দিল্লির সাউথ ব্লক নিয়ে ভয়ে আছে বলে আমরা মনে করি। সে কারণে পশ্চিমবঙ্গের চুনোপুঁটিদের লেলিয়ে আমাদের হুমকি দেওয়া হচ্ছে। বাংলাদেশের জনগণ এসব হুমকি পরোয়া করে না। বরং এদেশে ভারতের আরও যত চিহ্নিত অ্যাসেট আছে, সেগুলোও একে একে নির্মূল করা হবে।

হেফাজতের বিবৃতিতে আরও বলা হয়েছে, আজ বাংলাদেশ মানেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ বা শেখ পরিবার নয়। এই বাস্তবতা বদলে গেছে। ভারতের হুঁশে ফেরা উচিত। পাপেট হাসিনাকে ১৭ বছর বাংলাদেশের জনগণের ঘাড়ে জগদ্দল পাথরের মতো বসিয়ে আমাদের সার্বভৌমত্ব হরণের চক্রান্ত করেছিল আধিপত্যবাদী ভারত। এ ছাড়া মোদিবিরোধী আন্দোলনের শহীদরা ছাড়াও ভারতের আগ্রাসী আচরণের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় জনপ্রিয় বিএনপি নেতা ইলিয়াস আলী ও বুয়েটছাত্র আবরার ফাহাদ নির্মমভাবে শহীদ হন। আধিপত্যবাদবিরোধী ইসলামপন্থিদের ওপর বিচারিক হত্যাকাণ্ড ঘটে। পিলখানায় ৫৭ জন শহীদ সেনা অফিসারের পাশাপাশি শহীদ ওসমান হাদির রক্তের দাগও লেগে আছে ভারতের হাতে। এই রক্তের দায় হিন্দুত্ববাদী ভারতকে একদিন শোধ করতে হবেই।

বিবৃতিতে আরও বলা হয়, নিজের দেশের সংখ্যালঘু মুসলমানদের রক্ষায় ব্যর্থ নির্লজ্জ ভারত বাংলাদেশ সম্পর্কে হিন্দু নির্যাতনের মিথ্যা বয়ান ফেরি করছে। চব্বিশে মাথা তুলে দাঁড়ানো বাংলাদেশকে আর অবনত করা যাবে না। বাংলাদেশের বিরুদ্ধে ভারতের প্রোপাগান্ডা-যুদ্ধ আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবো। কোনও অজুহাতে বাংলাদেশকে আঘাত করলে পাল্টা আঘাত সেভেন সিস্টার্স হয়ে দিল্লির মসনদও তছনছ করে দিতে পারে। জুলাইতে ইমানি শক্তিতে বলীয়ান বিপ্লবী ছাত্র-জনতা মৃত্যুর পরোয়া না করে স্বাধীনতা কীভাবে রক্ষা করতে হয়, তা প্রমাণ করেছে। এ ছাড়া সামরিকভাবে শক্তিধর মুসলিম রাষ্ট্রগুলো আমাদের লড়াইয়ে ভ্রাতৃত্বের সঙ্গে পাশে থাকবে বলে আমাদের বিশ্বাস।