ভারতীয় সীমান্তঘেঁষা রাজশাহী অঞ্চলে বাড়ছে অবৈধ অস্ত্রের আনাগোনা। সীমান্তের পদ্মার চর, পরিত্যক্ত মোটরসাইকেল, যাত্রীবাহী বাস কিংবা ব্যক্তিগত যানবাহন—বিভিন্ন জায়গায় মিলছে বিদেশি পিস্তল, রিভলবার, ম্যাগাজিন ও গুলি। শুধু গত এক সপ্তাহেই তিনটি অভিযানে ছয়টি বিদেশি পিস্তল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এর আগে রাজশাহী বিমানবন্দরের প্রধান ফটকের কাছে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় দুটি গ্রেনেড। তদন্তকারীদের ধারণা, গ্রেনেড দুটি মিয়ানমার থেকে এসেছে ভারত হয়ে। তবে ঘটনার দুই সপ্তাহ পেরিয়ে গেলেও জড়িত কাউকে শনাক্ত বা গ্রেফতার করা সম্ভব হয়নি।
সীমান্তবর্তী এলাকা থেকে একের পর এক অস্ত্র উদ্ধারের ঘটনায় দেশের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ভারত থেকে অস্ত্র এনে রাজশাহীকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে দেশের অন্যান্য জেলায় পাঠানোর প্রবণতা সামনে এসেছে। উদ্ধার হওয়া অস্ত্রের চালানের গন্তব্য হিসেবে খুলনা ও কুষ্টিয়ার মতো দূরবর্তী জেলার নামও এসেছে তদন্তে। এতে সীমান্ত দিয়ে অস্ত্রের অনুপ্রবেশের পাশাপাশি দেশের অভ্যন্তরে অস্ত্র সরবরাহের একটি নেটওয়ার্ক সক্রিয় থাকার আশঙ্কা তৈরি হয়েছে।
পুলিশ, বিজিবি ও র্যাবের অভিযানে গত ছয় মাসে রাজশাহী অঞ্চলে অন্তত ২৮টি আগ্নেয়াস্ত্র ও উল্লেখযোগ্য পরিমাণ গোলাবারুদ উদ্ধার হয়েছে। এর মধ্যে র্যাব উদ্ধার করেছে ১৭টি অস্ত্র ও ১৬ কেজি গানপাউডার। জেলা পুলিশের অভিযানে উদ্ধার হয়েছে ছয়টি বিদেশি পিস্তল ও গুলি। বিজিবিও পাঁচটি অস্ত্র ও গুলি উদ্ধার করেছে। তবে অস্ত্র চোরাচালান নিয়ে সংস্থাটির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও বক্তব্য পাওয়া যায়নি। বিজিবি জানিয়েছে, সীমান্তে টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।
উদ্ধার হওয়া অস্ত্রের বড় একটি অংশ দেখতে অত্যাধুনিক সেমি-অটোমেটিক পিস্তলের মতো। কয়েকটির গায়ে খোদাই করে লেখা রয়েছে ‘ইউএসএ’ বা ‘মেড ইন ইউএসএ’। তবে এসব অস্ত্র সত্যিই যুক্তরাষ্ট্রে তৈরি, নাকি অন্য কোথাও তৈরি করে এমন পরিচয় দেওয়া হয়েছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
বাস ও গাড়িতে মিলছে অস্ত্র
গত ২০ নভেম্বর রাতে রাজশাহী-গোদাগাড়ী মহাসড়কের সরাইল চেকপোস্টে তল্লাশির সময় দুটি পিস্তল ও গুলিসহ চাঁপাইনবাবগঞ্জের শাহীন ও পিংকিকে আটক করে পুলিশ। উদ্ধার হওয়া পিস্তল দুটি স্টেইনলেস স্টিলের তৈরি সেমি-অটোমেটিক অস্ত্র। সেগুলোর গায়ে খোদাই করে লেখা ছিল ‘ইউএসএ’।
পুলিশের জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, অস্ত্র দুটি খুলনায় পৌঁছে দেওয়ার কথা ছিল। তবে সেখানে কার কাছে হস্তান্তর করতে হবে, সে বিষয়ে তাদের নির্দিষ্ট কোনও ঠিকানা বা ব্যক্তির নাম জানানো হয়নি। খুলনায় পৌঁছানোর পর নির্দেশনা দেওয়ার কথা ছিল।
এ ব্যাপারে রাজশাহী পুলিশ সুপার মামুন অর রশিদ বলেন, ‘অস্ত্র বহনকারীদের গন্তব্যে পৌঁছানোর পর যোগাযোগের নির্দেশনা দেওয়া ছিল। অস্ত্র দুটি ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে এসেছে। সন্ত্রাসসহ বিভিন্ন বেআইনি কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে এগুলো আনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।’
গত ১৬ নভেম্বর সিটি হাট বাইপাসে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে একই ধরনের দুটি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করে র্যাব। ২৩ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতারের পর তাদের বাড়ি থেকে একই ধরনের আরও দুটি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়।
এসব অভিযানের ধরন বিশ্লেষণে দেখা যাচ্ছে, সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস ও অন্যান্য যানবাহন অস্ত্র পরিবহনের মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে। কখনো পদ্মার চর কিংবা নির্জন এলাকায় অস্ত্র লুকিয়ে রাখা হচ্ছে। পরে সুযোগ বুঝে সেগুলো সরিয়ে নেওয়া হচ্ছে।
ছয় মাসে র্যাবের উদ্ধার ১৭ অস্ত্র, ৯টিতে যুক্তরাষ্ট্রের নাম
র্যাবের তথ্য অনুযায়ী, গত ছয় মাসে উদ্ধার হওয়া ১৭টি অস্ত্রের মধ্যে নয়টি পিস্তলের গায়ে যুক্তরাষ্ট্রে তৈরি বলে উল্লেখ রয়েছে। সংস্থাটির ধারণা, প্রতিবেশী দেশের সীমান্ত পেরিয়ে অস্ত্র কারবারিরা এসব পিস্তল বাংলাদেশে আনছে। তবে সীমান্তবর্তী এলাকায় তৈরি কিছু অস্ত্রের গায়ে ক্রেতাদের আকৃষ্ট করতে ‘মেড ইন ইউএসএ’ লেখা থাকতে পারে।
রাজশাহী র্যাব-৫-এর অধিনায়ক ফয়সাল ইশতিয়াক বলেন, ‘মেড ইন ইউএসএ’ লেখা থাকলেই যে অস্ত্রটি যুক্তরাষ্ট্র থেকে এসেছে, তা নিশ্চিত করে বলা যায় না। আমাদের পাশের দেশ থেকেও এ ধরনের অস্ত্র সংগ্রহের সুযোগ রয়েছে। ব্যালিস্টিক পরীক্ষা হলে অস্ত্রগুলোর ব্যবহার ও অন্যান্য বিষয় সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তিনি আরও বলেন, অবৈধ অস্ত্রের উৎস বা উৎপাদনকারী দেশ যেটিই হোক, সেগুলোর অনুপ্রবেশ বন্ধ করাই তাঁদের লক্ষ্য। বিষয়টি সামগ্রিকভাবে সবার জন্য উদ্বেগের।
পদ্মার চর ও সীমান্ত এলাকায় একের পর এক অস্ত্র উদ্ধার
রাজশাহী অঞ্চলে অস্ত্র উদ্ধারের ঘটনা শুধু সাম্প্রতিক কয়েকটি অভিযানে সীমাবদ্ধ নয়। বছরের শুরু থেকেই সীমান্তবর্তী এলাকা ও মহানগরীর বিভিন্ন স্থানে অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটছে। গত ৬ ফেব্রুয়ারি বাঘা উপজেলার সীমান্তবর্তী রাউথা চর এলাকায় অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করে বিজিবি। একটি পরিত্যক্ত মোটরসাইকেল তল্লাশি করে এসব অস্ত্র পাওয়া যায়।
গত ১৯ জানুয়ারি ভারতীয় সীমান্তসংলগ্ন পদ্মার চর থেকে মাটির নিচে পুঁতে রাখা একটি ব্যাগ উদ্ধার করা হয়। ওই ব্যাগে ছিল দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলি। ১৩ জানুয়ারি মহানগরীর শাহমখদুম থানার সিলিন্দা বটতলা এলাকা থেকে যুক্তরাষ্ট্রে তৈরি একটি পিস্তল, দুটি গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করে গোয়েন্দা পুলিশ।
গত মার্চে চারঘাটের রাওথা বালুঘাট এলাকা থেকে একটি বিদেশি রিভলবার ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়। একই মাসে মহানগরীর দক্ষিণ নওদাপাড়া থেকে একটি বিদেশি রিভলবার ও তিন রাউন্ড গুলি উদ্ধার করে র্যাব-৫।
গত মে মাসে নগরীর অদূরে পদ্মার তীরবর্তী নবগঙ্গা আইবাঁধ এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার হয়। ২ জুন গোদাগাড়ীর রাজাবাড়িহাট এলাকায় অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ৫৩ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। সে সময় মহানগর পুলিশ জানিয়েছিল, চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা থেকে অস্ত্রগুলো কুষ্টিয়ায় নেওয়া হচ্ছিল।
অস্ত্র উদ্ধারের এসব ঘটনা পর্যালোচনা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বলছেন, বাঘা, চারঘাট ও গোদাগাড়ীর মতো সীমান্তঘেঁষা এলাকায় অস্ত্র উদ্ধারের ঘটনা বেশি ঘটছে। পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী হয়ে দেশের অন্যান্য জেলায় অস্ত্র পরিবহনের বিষয়টিও সামনে এসেছে।
নাম প্রকাশ না করার শর্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘উদ্ধার হওয়া অস্ত্রের ঘটনাগুলোতে কয়েকটি মিল পাওয়া যাচ্ছে। সীমান্তবর্তী এলাকা থেকে অস্ত্র এনে রাজশাহীকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে অন্য জেলায় পাঠানোর চেষ্টা চলছে বলে ধারণা করা হচ্ছে। এ ক্ষেত্রে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুট অপরাধী চক্রের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।’
বিমানবন্দরের ফটকে গ্রেনেড, দুই সপ্তাহেও রহস্য উদ্ঘাটন হয়নি
অস্ত্র উদ্ধারের ধারাবাহিক ঘটনার মধ্যে গত ১০ নভেম্বর রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরের প্রধান ফটকের কাছে দুটি গ্রেনেড পাওয়ার ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। ফাঁকা মাঠে নিয়ে পুলিশ ও র্যাব যৌথভাবে গ্রেনেড দুটি নিষ্ক্রিয় করে। এ ঘটনায় মামলা হলেও দুই সপ্তাহ পেরিয়ে যাওয়ার পরও কাউকে গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেনেডের গায়ে উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম ও ব্যাচসংক্রান্ত তথ্য মুছে যাওয়ায় সেগুলোর প্রকৃত উৎসও নিশ্চিত হওয়া যায়নি।
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণা, গ্রেনেড দুটি ফ্র্যাগমেন্টেশন ধরনের। বিস্ফোরণের সময় এগুলো থেকে চারদিকে ধাতব টুকরা ছড়িয়ে পড়ে, যা প্রাণঘাতী হতে পারে। গ্রেনেড দুটিতে চীনা ফিউজ লাগানো ছিল। তদন্তকারীদের ধারণা, এগুলো মিয়ানমার থেকে এসেছে।
রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) গাজীউর রহমান বলেন, ‘এ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তদন্তের স্বার্থে গণমাধ্যমকে এ বিষয়ে কোনও তথ্য দেওয়া হচ্ছে না।’
র্যাব-৫-এর অধিনায়ক ফয়সাল ইশতিয়াক জানান, এ ধরনের গ্রেনেড তারা এর আগে দেখেননি। তবে সম্প্রতি কক্সবাজারেও একই ধরনের গ্রেনেড পাওয়া গেছে। প্রতিবেশী একটি দেশে যেসব গ্রেনেড ব্যবহার করা হয়, উদ্ধার হওয়া গ্রেনেডের সঙ্গে সেগুলোর বেশ মিল রয়েছে। এ ঘটনায় যারাই জড়িত থাকুক, তাদের আইনের আওতায় আনাই তাদের প্রধান লক্ষ্য।
অস্ত্রের উৎস ও সরবরাহকারীরা ধরাছোঁয়ার বাইরে
সীমান্তবর্তী এলাকা থেকে শুরু করে মহানগরী পর্যন্ত অস্ত্র উদ্ধারের ঘটনায় উদ্বেগ বাড়লেও এসব চালানের সঙ্গে জড়িত মূল কারবারিদের শনাক্ত করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অনেক ক্ষেত্রে অস্ত্র বহনকারীরা গ্রেফতার হলেও চালানের উৎস, অর্থের জোগানদাতা কিংবা গন্তব্যে অস্ত্র গ্রহণকারীদের পরিচয় অজানাই থেকে যাচ্ছে।
যা বলছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী
জেলা পুলিশ সুপার মামুন অর রশিদ বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারে জেলা পুলিশ কাজ করছে। সীমান্তবর্তী এলাকা ও আশপাশে নজরদারি রাখা হয়েছে। অস্ত্র কেনাবেচার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
রাজশাহী মহানগর পুলিশের উপকমিশনার গাজীউর রহমান বলেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা বিভিন্ন যানবাহনে তল্লাশি চালিয়ে বিভিন্ন সময়ে অস্ত্র উদ্ধার হয়েছে। সীমান্তবর্তী পদ্মার তীরবর্তী এলাকা থেকেও অস্ত্র পাওয়া যাচ্ছে। এসব অস্ত্র কোথা থেকে আসছে এবং কারা এর সঙ্গে জড়িত, তা তদন্ত করে বের করার চেষ্টা চলছে।
সীমান্তপথে অস্ত্রের অনুপ্রবেশ, রাজশিয়াকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে দেশের অন্য জেলায় চালান পাঠানোর চেষ্টা এবং বিমানবন্দরের প্রধান ফটকের কাছে গ্রেনেড ফেলে যাওয়ার ঘটনা একই সঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা প্রশ্ন সামনে এনেছে। শুধু অস্ত্র বহনকারীদের গ্রেপ্তার করে এ ধরনের চোরাচালান বন্ধ করা সম্ভব নয়। এর পেছনের সরবরাহকারী, অর্থের জোগানদাতা, অস্ত্র সংগ্রহকারী ও বিতরণকারী চক্রকে শনাক্ত করা জরুরি। একই সঙ্গে সীমান্তে নজরদারি, গোয়েন্দা তৎপরতা এবং দেশের অভ্যন্তরে অস্ত্র পরিবহনের রুটগুলোতে নিরাপত্তা জোরদার না হলে অবৈধ অস্ত্রের বিস্তার বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে।