জুমার পর নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের চেষ্টা, ধাওয়া দিয়ে ২০ জন আটক

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার সিনেমা প্যালেস এলাকায় মিছিলের চেষ্টার সময় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ২০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) জুমার নামাজের পর তারা মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ ও বিএনপি-সমর্থিত সংগঠনের নেতাকর্মীরা ধাওয়া দেন। এ সময় ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে ওই ২০ জনকে আটক করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার জুমার নামাজ শেষে দুপুর ২টার দিকে সিনেমা প্যালেস এলাকায় জড়ো হয়ে মিছিল বের করার চেষ্টা করেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, ওই এলাকায় আগে থেকেই পুলিশ এবং ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা অবস্থান করছিলেন। মিছিলটি শুরু হওয়ামাত্রই পুলিশ ও যুবদলের নেতাকর্মীরা মিছিলকারীদের ধাওয়া দেন। ধাওয়া খেয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে আশপাশের অলিগলিতে ঢুকে পড়লে ওই এলাকা ঘেরাও করে বেশ কয়েকজনকে আটক করা হয়।

এ প্রসঙ্গে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দক্ষিণ বিভাগের উপকমিশনার মো. হাবিবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, আজ জুমার নামাজের পর  নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা সিনেমা প্যালেস এলাকায় মিছিল করার চেষ্টা করেছিলেন। তবে সেখানে পুলিশের আগাম অবস্থান থাকায় তারা মিছিল করতে পারেননি। অভিযান চালিয়ে ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে ২০ জনকে আটক করা হয়েছে। তাদেরকে যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। এরপর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।