সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ছাত্রদল নেতাদের মোটরসাইকেল শোডাউন

পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সেন্টমার্টিন দ্বীপের সমুদ্রসৈকতে মোটরসাইকেলসহ সব ধরনের যান্ত্রিক যানবাহন চলাচল নিষিদ্ধ আছে। তবে সরকারি এ নিষেধাজ্ঞা অমান্য করে সৈকতের বালুচরে মোটরসাইকেল নিয়ে শোডাউন করেছেন টেকনাফ উপজেলা ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১০টার দিকে ‘টেকনাফ উপজেলা ছাত্রদল’ নামের একটি ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে সৈকতে মোটরসাইকেল নিয়ে তাদের চলাচলের দৃশ্য দেখা যায়।

ভিডিওতে সাতটি মোটরসাইকেলে উপজেলা ছাত্রদলের সভাপতি আবু হুরাইরা শামীম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আরমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক সায়েমুল ইসলাম, হোয়াইক্যং ইউনিয়ন উত্তর শাখার সাবেক সহসাংগঠনিক সম্পাদক নুরুল আমিন সৈকত, হোয়াইক্যং দক্ষিণ শাখা ছাত্রদলের নেতা মালেক হোসেন নোবেলসহ সেন্টমার্টিন ইউনিয়ন ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীকে দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি টেকনাফ উপজেলা ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী সেন্টমার্টিন দ্বীপে ভ্রমণে যান। এ সময় তারা সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে সৈকতের বালুচরে একাধিক মোটরসাইকেল নিয়ে ঘোরাঘুরি ও মহড়া দেন। পরে সৈকতে মোটরসাইকেল চলাচলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

বিষয়টি স্বীকার করে টেকনাফ উপজেলা ছাত্রদলের সভাপতি আবু হুরাইরা শামীম বলেন, ‘সৈকত দিয়ে এক পাড়া থেকে অন্য পাড়ায় গিয়েছিলাম। এটি আমাদের কোনও বাইক শোডাউন নয়। এখানে বেশি বাইক ছিল না, চার-পাঁচটি বাইক মাত্র। সৈকতে বাইক চলাচল নিষিদ্ধ, সে বিষয়ে আমি অবগত ছিলাম। তবে এখানে আরও অনেককে বাইক নিয়ে ঘুরতে দেখেছি।’

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনিক চৌধুরী বলেন, ‘এ বিষয়ে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট ব্যবস্থা নিচ্ছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পরিবেশ সংশ্লিষ্টদের বিষয়টি জানানো হয়েছে। এসব বন্ধে অভিযান কার্যক্রম চলমান থাকবে।’

কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান সায়েম বলেন, ‘সেন্টমার্টিনের সৈকতে যেকোনও ধরনের যান্ত্রিক যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। দ্বীপের জীববৈচিত্র্য, প্রাকৃতিক পরিবেশ ও পর্যটনবান্ধব পরিবেশ রক্ষায় বাসিন্দা, ব্যবসায়ী, রিসোর্ট কর্তৃপক্ষ ও পর্যটকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর সেন্টমার্টিন দ্বীপে অভিযান চালিয়ে পরিবেশ দূষণের দায়ে সেন্ট ক্যাসেল রিসোর্টকে তিন লাখ টাকা জরিমানা করা হয়। একই দিন সৈকতের বালুচরে নিষেধাজ্ঞা অমান্য করে চলাচলের অভিযোগে চারটি মোটরসাইকেল জব্দ করা হয়।