শরীরে আটটি গুলি, ব্যথায় ছোটাছুটি: আবারও লোকালয়ে চলে এলো সেই হাতি

কক্সবাজারের টেকনাফে চিকিৎসার ১০ দিন পর আবারও লোকালয়ে এসেছে গুলিবিদ্ধ মাদি হাতিটি। শনিবার (২৮ নভেম্বর) সকালে উপজেলার বাহারছড়া ইউনিয়নের হোলবনিয়াপাড়া এলাকায় ঢুকে হাতিটি বসতঘর ভাঙচুর ও সুপারি গাছ নষ্ট করে। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয় কয়েকজন হাতিটিকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে বনে ফেরানোর চেষ্টা করেন। পরে বন বিভাগের সদস্যরা হাতিটিকে লোকালয় থেকে সরিয়ে জাহাজপুরা গর্জন বাগানের ভেতরে নিয়ে যান।

স্থানীয় সূত্র জানায়, লোকালয়ে হাতি আসার খবরে দুপুরে বন বিভাগ, এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি) ও স্থানীয় বাসিন্দারা হাতিটিকে নিরাপদে বনে ফেরানোর চেষ্টা করেন। হাতিটি ধীরে ধীরে বনের দিকে গেলেও এখনও পুরোপুরি পাহাড়ে ঢোকেনি। ঘুরেফিরে বনের কাছাকাছি লোকালয়ে অবস্থান করছে। মাঝেমধ্যে লোকজনের ঘরবাড়ির দিকে আসার চেষ্টা করছে। হাতিটি দেখতে ঘটনাস্থলে ভিড় করছেন শত শত মানুষ।

স্থানীয় লোকজন জানান, শনিবার সকাল থেকে হাতিটি জাহাজপুরা এলাকায় ঘোরাফেরা করে ভাঙচুর করে। এ সময় কয়েকটি বসতঘর ও বেশ কিছু সুপারিবাগান ভেঙে ফেলে। একপর্যায়ে হাতিটিকে ঘিরে শত শত উৎসুক মানুষের ভিড় জমে। স্থানীয় লোকজন হাতিটিকে তাড়ানোর চেষ্টা করেন। এতে আহত হাতিটির নিরাপত্তা নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়।

বন বিভাগ সূত্রে জানা গেছে, হাতিটির শরীরে আটটি গুলির ক্ষত পাওয়া গেছে। গত ১৮ নভেম্বর টেকনাফের গভীর বনাঞ্চলে প্রায় পাঁচ ঘণ্টা ধরে হাতিটিকে চিকিৎসা দেওয়া হয়। সেসময় হাতিটির শরীর থেকে আটটি গুলির ক্ষতচিহ্ন ও খোসা উদ্ধার করা হয়েছিল। তখন চিকিৎসা শেষে হাতিটি উঠে দাঁড়ালে পুরুষ সঙ্গীটি পাশে এসে দাঁড়ায়। পরে পুরুষ হাতিটিকে অনুসরণ করে ধীরে ধীরে বনের ভেতরে ফিরে যায় আহত হাতিটি। তবে চিকিৎসার পরও হাতিটির শারীরিক অবস্থার উন্নতি নিয়ে উদ্বেগ কাটেনি। এ কারণে পরবর্তী পাঁচ দিন ড্রোনের মাধ্যমে হাতিটির চলাচল ও শারীরিক অবস্থা পর্যবেক্ষণের সিদ্ধান্ত নেয় বন বিভাগ। এর মধ্যেই শনিবার আবারও লোকালয়ে চলে আসে।

শিলখালী বনের রেঞ্জ কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম জানান, আহত হাতিটি আবার লোকালয়ে চলে আসায় তাকে নিরাপদে বনে ফিরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। এর আগে হাতিটির শরীরে আটটি গুলির চিহ্ন পাওয়া গিয়েছিল। তখন তাকে চিকিৎসা দেওয়া হয়। বর্তমান পরিস্থিতি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হচ্ছে। এরপর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, ‘ধারণা করা হচ্ছে হাতিটির পায়ে গুলিবিদ্ধ হয়ে হাড়ের যে অংশে আঘাত লেগেছে, সেখানে এখনও ব্যথা রয়েছে। এ কারণে হাতিটি স্বাভাবিকভাবে চলাফেরা করতে না পেরে লোকালয়ে চলে আসছে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি। হাতিটিকে অন্য কোনও নিরাপদ স্থানে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করা যায় কি না, তা বিবেচনা করা হচ্ছে। চিকিৎসা সম্পন্ন না হওয়ায় এবং গুরুতর আঘাতের কারণে হাতিটির স্বাভাবিক জীবনে ফিরে আসা নিয়েও উদ্বেগ রয়েছে।’

বন কর্মকর্তারা জানান, ১৮ নভেম্বর শিলখালী রেঞ্জের গর্জনবাগান এলাকায় দুর্গম পাহাড়ে অসুস্থ অবস্থায় হাতিটির সন্ধান পাওয়া যায়। পরে ডুলাহাজারা সাফারি পার্কের বিশেষজ্ঞ ভেটেরিনারি মেডিক্যাল দলের সহায়তায় ট্রাংকুইলাইজার প্রয়োগ করে মাদি হাতিটিকে অচেতন করা হয়। এরপর কয়েক ঘণ্টা ধরে চিকিৎসা চলে। হাতিটির বয়স ৩০ থেকে ৩৫ বছর হতে পারে। গুরুতর আঘাতের কারণে হাতিটির পুরোপুরি সুস্থ হয়ে ওঠার বিষয়ে শঙ্কা রয়েছে।

ডুলাহাজারা সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন মো. মোস্তাফিজুর রহমান জানান, চিকিৎসক দল হাতিটির শরীরে আটটি গুলির ক্ষত শনাক্ত করে। নাকের নিচে, কানের পাশে ও শরীরের বিভিন্ন অংশে গুলির আঘাত ছিল। এর মধ্যে পেছনের ডান পায়ের হাড় ও ‘টার্সাল জয়েন্টে’ থাকা দুটি ক্ষত ছিল সবচেয়ে গুরুতর। ক্ষত দুটি ৮ থেকে ১০ ইঞ্চি গভীর। পায়ের জয়েন্টের ভেতরে একটি গুলি রয়ে গেছে, যা বের করা অত্যন্ত জটিল।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী তারিকুর রহমান বলেন, আহত হাতিটির চিকিৎসায় বন বিভাগ, ডুলাহাজারা সাফারি পার্কের চিকিৎসক দল ও ওয়াইল্ডলাইফ রেসকিউ দলের সদস্যরা একসঙ্গে কাজ করেছেন। তবে চিকিৎসা শেষে পাহাড়ে ফেরানোর পরও হাতিটির লোকালয়ে ফিরে আসার ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বন্য হাতিটি লোকালয়ে ঢুকে পড়ায় স্থানীয় লোকজনকে সতর্ক করছেন বনকর্মীরা।