রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে ‘পেট্রোল বোমা’ নিক্ষেপ-গুলিবর্ষণ

রাজশাহী প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২৬, ১৫:০০ আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ১৫:০০

রাজশাহীতে পল্লী বিদ্যুৎ সমিতির উপকেন্দ্রে টানা দুই দিন পেট্রোল বোমা নিক্ষেপ ও গুলিবর্ষণের ঘটনায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সর্বশেষ শুক্রবার (২৭ নভেম্বর) গভীর রাতে পবা উপজেলার পারিলা ইউনিয়নের খড়খড়ি এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির পবা-২ উপকেন্দ্রে হামলা চালায় ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত। এ সময় তারা কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ ও তিন রাউন্ড গুলি ছোড়ে। এতে তিনটি পেট্রোল বোমা বিস্ফোরিত হয়ে উপকেন্দ্রের একটি ট্রান্সফরমারে আগুন ধরে যায়। কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনলেও ট্রান্সফরমারটি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ২টার দিকে খড়খড়ি এলাকার পবা-২ উপকেন্দ্রের অভিযোগ কেন্দ্র কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত কার্যালয়ে ঢুকে গানপাউডার ছিটিয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করে এবং তিন রাউন্ড গুলি ছোড়ে। পরে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনাস্থলে চারটি অবিস্ফোরিত পেট্রোল বোমাও পাওয়া যায়। খবর পেয়ে মতিহার থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত উদ্ধার করে।

রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির সদর দফতরের ডিজিএম (সদর-কারিগরি) সপ্তর্ষি পাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগের দিনের হামলার পর কার্যালয়ের নিরাপত্তা জোরদারে উদ্যোগ নেওয়া হয়েছিল। এ ঘটনায় থানায় এফআইআর করা হয় এবং নিজস্ব নিরাপত্তার জন্য লোকবল বাড়ানো হয়। প্রথম দিন দুজন কর্মী দায়িত্বে থাকলেও পরদিন চারজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল। পাশাপাশি পুলিশ প্রশাসনকে টহল ও নিরাপত্তা বাড়ানোর অনুরোধ জানানো হয়।

সপ্তর্ষি পাল বলেন, আগের দিনও একই ধরনের ঘটনা ঘটেছিল। এরপর আমরা নিরাপত্তার বিষয়ে সচেতন হয়েছি। ঘটনার সময় আমাদের লোকজন পাহারায় ছিলেন। পুলিশকে খবর দেওয়ার ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে তারা ঘটনাস্থলে পৌঁছায়। এরপরও দুর্বৃত্তরা অল্প সময়ের মধ্যে হামলা চালিয়ে পালিয়ে যায়।

নওহাটা সদর দফতরের লাইনম্যান মনির বলেন, পরপর দুই দিনের হামলায় কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কার্যালয়ে সিসিটিভি ক্যামেরা রয়েছে। হামলাকারীদের মুখ বাঁধা ছিল বলেও জানা গেছে।

তিনি বলেন, ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত কার্যালয়ে ঢুকে পিস্তল দিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়ে এবং পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। পরে আমাদের কর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভান। পরপর দুই দিন এমন পরিস্থিতিতে কাজ করা কঠিন হয়ে পড়েছে। আমরা এখন নিরাপদ বোধ করছি না। এভাবে দায়িত্ব পালন করতে গেলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

মতিহার থানার ওসি আব্দুল মালেক বলেন, আগের দিনও পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছিল। তবে সেদিন আগুন লাগেনি। দ্বিতীয় দিনের ঘটনায় একটি পেট্রোল বোমা বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। বিস্ফোরণের কারণে কিছু সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়। এ ঘটনায় থানায় মামলা করা হবে বলেও জানান তিনি।

সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা বলছেন, বিদ্যুতের মতো গুরুত্বপূর্ণ সেবাপ্রতিষ্ঠানে পরপর দুই দিনের হামলায় তাদের কর্মপরিবেশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে রাতে দায়িত্ব পালন করতে গিয়ে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ অবস্থায় উপকেন্দ্রগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত, পর্যাপ্ত পুলিশি পাহারা ও নিয়মিত টহল জোরদারের দাবি জানিয়েছেন তারা। পাশাপাশি হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনারও দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

/আরএইচ/
সম্পর্কিত
সিলেটে এমপি মালেকের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ
গাজীপুরে সাবেক কাউন্সিলরকে গ্রেফতারের এক দিন পর বাড়িতে লুটপাট-আগুন
নাটোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন
সর্বশেষ খবর
ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির পরিচ্ছন্নতা অভিযান, উচ্ছেদ অবৈধ দোকানপাট
ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির পরিচ্ছন্নতা অভিযান, উচ্ছেদ অবৈধ দোকানপাট
ঢাকায় ৮ ডলারে নৌভ্রমণ, অভিজ্ঞতা নিয়ে যা বললেন জার্মান ভ্লগার
ঢাকায় ৮ ডলারে নৌভ্রমণ, অভিজ্ঞতা নিয়ে যা বললেন জার্মান ভ্লগার
স্থানীয় এলসিতে সুইফটের বিকল্প ‘বার্তা’, বছরে সাশ্রয় হবে ৬০ লাখ ডলার
স্থানীয় এলসিতে সুইফটের বিকল্প ‘বার্তা’, বছরে সাশ্রয় হবে ৬০ লাখ ডলার
‘হামজা আমার অনুপ্রেরণা’
‘হামজা আমার অনুপ্রেরণা’
সর্বাধিক পঠিত
আগরতলায় আ.লীগের নানক-মায়ারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি
আগরতলায় আ.লীগের নানক-মায়ারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
ইউনূস মিঠা খেয়ে দেশকে গভীর সংকটে রেখে গেছেন: শিবির সভাপতি
ইউনূস মিঠা খেয়ে দেশকে গভীর সংকটে রেখে গেছেন: শিবির সভাপতি
লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসীর বাধা, আওয়ামী লীগ নেতাকে আটক না করেই ফিরে গেলো পুলিশ
লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসীর বাধা, আওয়ামী লীগ নেতাকে আটক না করেই ফিরে গেলো পুলিশ