আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে লক্ষ্মীপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ

লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন উপজেলা ও পৌর বিএনপিসহ তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার সন্ধায় (২৮ নভেম্বর) বিক্ষোভ মিছিলটি রায়পুর পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ট্রাফিক মোড়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন রায়পুর পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র এবিএম জিলানি, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার ফয়সাল, বিএনপি নেতা মুনছুর জিলানি, উপজেলা যুবদলের সদস্যসচিব সুজন পাটোয়ারী ও উপজেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুর রহমান।

পৌরসভা বিএনপির সভাপতি এবিএম জিলানি বলেন, ‘দেশে শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনও অপশক্তি যেন রাজনৈতিক অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। জনগণের অধিকার ও নিরাপত্তা রক্ষায় বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’