চট্টগ্রামে ট্রেনে দুর্বৃত্তদের আগুন

চট্টগ্রামে রেলস্টেশনের কাছে ঢাকাগামী একটি মেইল ট্রেনের বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (২৮ নভেম্বর) রাত ১১টার দিকে নগরের কদমতলী এলাকায় এ ঘটনা ঘটে। এতে বগির দুটি সিট পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

চট্টগ্রাম রেলস্টেশনের মাস্টার আবু জাফর মজুমদার জানান, ঢাকাগামী ঢাকা মেইল ট্রেনটি দেওয়ানহাট ইয়ার্ড থেকে স্টেশনে আসছিল। রাত ১১টার দিকে ট্রেনটি কদমতলী এলাকায় পৌঁছালে একটি বগির জানালা দিয়ে দুর্বৃত্তরা দাহ্য পদার্থ ছুড়ে মারে। এতে বগির দুটি সিটে আগুন ধরে যায়।

তিনি আরও জানান, ঘটনার সময় ট্রেনে কোনও যাত্রী ছিল না। রেলকর্মীদের তৎপরতায় পাঁচ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।

পরে রাত পৌনে ১২টার দিকে নির্ধারিত সময়েই ট্রেনটি চট্টগ্রাম স্টেশন ছেড়ে ঢাকার উদ্দেশে যাত্রা করে বলেও জানান চট্টগ্রাম রেলস্টেশনের মাস্টার।