গাজীপুরের কালিয়াকৈরে বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, আটক ৩

আটকের প্রতীকী ছবিগাজীপুরের কালিয়াকৈরে বুদ্ধিপ্রতিবন্ধী এক শিশুকে (১৩) ধর্ষণের অভিযোগে তিন যুবককে আটক করেছে পুলিশ। রবিবার রাতে উপজেলার মুন্সিরটেক এলাকায় ওই ধর্ষণের ঘটনা ঘটে। কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন ওই এলাকার মশিউর (১৮), আব্দুল মান্নান (২০) ও রনি (২২)।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, রবিবার সন্ধ্যায় কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরার মুন্সিরটেক এলাকার ওই বুদ্ধি প্রতিবন্ধী শিশুটিকে চার যুবক রেল লাইনের পাশে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। সেখানে শিশুটির ওপর  যৌন নির্যাতন চালানোর পর তাকে ছেড়ে দিলে শিশুটির কান্নায় আকৃষ্ট এলাকার লোকজন স্থানীয় কাউন্সিলর সারোয়ার হোসেন আকুলের কাছে নিয়ে যান।
কালিয়াকৈর পৌরসভার কাউন্সিলর সারোয়ার হোসেন আকুল বিষয়টি নিশ্চিত করে জানান, রাত ১০টার দিকে ভীষণ অসুস্থ ও রক্তাক্ত অবস্থায় মেয়েটিকে নিয়ে আসার পর তার নির্দেশে এলাকা থেকে কিছু যুবককে ধরে নিয়ে আসা হয়। যুবকদের মধ্য থেকে তিন ধর্ষককে শনাক্ত করে শিশুটি।

পরে কালিয়াকৈর থানায় খবর দিলে পুলিশ ওই তিন যুবককে আটক করে থানায় নিয়ে যায়।

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান, ধর্ষণের অভিযোগে মশিউর, আব্দুল মান্নান ও রনিকে আটক করা হয়েছে। পরে স্বজনরা শিশুটিকে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

গাজীপুর শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) আব্দুস সালাম সরকার জানান, শিশুটিকে ধর্ষণের আলামত পাওয়া গেছে।

আরও পড়ুন: গাজীপুরে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন

/এইচকে/