মানিকগঞ্জে বিএনপি প্রার্থীদের সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে শঙ্কা

মানিকগঞ্জআগামী শনিবার ৫ম ধাপে মানিকগঞ্জের ছয়টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। এরমধ্যে নবগ্রাম ও পুটাইল ইউনিয়নে বিএনপি সমর্থিত দুই চেয়ারম্যান প্রার্থী সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে শংকা প্রকাশ করেছেন। ইতিমধ্যে ওই দুই প্রার্থী প্রধান নির্বাচন কমিশন ও জেলা নির্বাচন কর্মকর্তার কাছে লিখিতভাবে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নির্বাচনের দিন বিশেষ নিরাপত্তা ও ম্যাজিস্ট্রেট মোতায়েনের দাবি জানিয়েছেন। জেলা নির্বাচন কর্মকর্তা মুনির হোসাইন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ছয়টি ইউনিয়নে ৭৯টি ভোটকেন্দ্রের মধ্যে ৩৫টিই ঝুঁকিপূর্ণ।
মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও বিএনপি সমর্থিত প্রার্থী মো.নুরুল ইসলাম নুরু সুষ্ঠু নির্বাচন নিয়ে শংকা প্রকাশ করে জানান, এই ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সবগুলো কেন্দ্র ঝুঁকিপূর্ণ। এখানে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী গাজী আনোয়ার হোসেন আনু গাজী তার ক্যাডার, কর্মী ও সমর্থকরা প্রতিনিয়ত তার কর্মী সমর্থকদের নির্বাচনি মাঠে ভয়ভীতি ও হুমকি ধামকি দিয়ে আসছে। ফলে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষতা নিয়ে বিএনপি উদ্বিগ্ন।

তিনি আরও বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সবগুলো কেন্দ্রে  বিশেষ নিরাপত্তা ও ম্যাজিস্ট্রেট মোতায়েনের দাবি জানিয়েছি আমরা। এজন্য নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দাখিল করেছি। বিএনপি প্রার্থীর পাশাপাশি এখানে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী রাকিব হোসেন ফরহাদও সুষ্ঠু নির্বাচনের দাবিতে নির্বাচন কর্মকর্তা, পুলিশ সুপার ও জেলা প্রশাসনের কাছে লিখিত আবেদন করেছেন। বিএনপির বিদ্রোহী প্রার্থী রাকিব হোসেন ফরহাদ বলেন, আওয়ামী লীগ প্রার্থীর লোকজন তার কর্মী সমর্থকদের প্রচানায় বাধা, ভয়ভীতি ও হুমকি ধামকি দিয়ে আসছে।

এদিকে, নবগ্রাম ইউনিয়নের আ'লীগ দলীয় প্রার্থী  গাজী আনোয়ার হোসেন আনু তার বিরুদ্ধে আনীত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন। উল্টো তিনি অভিযোগ করে বলেন, নির্বাচনি আচরণবিধি লংঘন করছেন বিএনপি ওই প্রার্থী।

নির্বাচন নিয়ে শংখা প্রকাশ করে নির্বাচন কমিশনে অভিযোগ করেছেন সদর উপজেলার পুটাইল ইউনিয়নে বিএনপি সমর্থিত প্রার্থী সোয়েব আহম্মেদ রাজাও।

জেলা নির্বাচন কর্মকর্তার কাছে লিখিত অভিযোগে তিনি চরগোস্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মানতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কৈতরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গোস্তা দিদার মাহমুদ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রকে অতি ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করেন।

বিএনপি প্রার্থী সোয়েব আহম্মেদ রাজা বলেন, নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল জলিল মোল্লা তার ক্যাডার বাহিনী দিয়ে আমার কর্মী সমর্থককে হুমকি ধামকি দিয়ে আসছে। ফলে সুষ্ঠু নির্বাচন নিয়ে আমি শঙ্কিত।

শুধু এই দুটি ইউনিয়নেই নয় পাশাপাশি আটিগ্রাম, কৃষ্ণপুর, ভাড়ারিয়া, হাটিপাড়া ইউনিয়নের বিএনপি প্রার্থীরাও সুষ্ঠু নির্বাচন নিয়ে শংকিত রয়েছে বলে তারা জানিয়েছেন।

তবে,পুটাইল ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থী আব্দুল জলিল মোল্লা তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, বিএনপি  প্রার্থী নিশ্চিত পরাজয় জেনে বানোয়াট অভিযোগ করেছেন।

উল্লেখ্য এই ছয়টি ইউনিয়নে মোট ২৬ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আরও পড়ুন: খাদ্যসংকট কবলিত থানচিতে যাচ্ছে ৪৬ লাখ মেট্রিক টন চাল 

/টিএন/আপ-এআর/