নবীনগর-পাটুরিয়া সড়ক চারলেন করা হবে: সেতুমন্ত্রী

Manikgonj Ministerসাভারের নবীনগর থেকে ঢাকা-আরিচা মহাড়কের মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট পর্যন্ত দুই লেনের মহাড়কটি চারলেন করা হবে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আগামী সেপ্টেম্বর মাসে এর সম্ভাব্য যাচাইয়ের কাজ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) শুরু করবে বলেও জানান মন্ত্রী।  

শুক্রবার দুপুরে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় সড়ক ও জনপথের নবনির্মিত পরিদর্শন বাংলো পদ্মা-যমুনার উদ্বোধনকালে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী সবাইকে আশ্বস্ত করে বলেন, আগামী ঈদে মানুষের ঘরে ফেরা নিয়ে মহাসড়কে কোনও ভোগান্তি হবে না। অন্যান্য বারের চেয়ে এবার ঈদ প্রস্তুতি অনেক ভালো।

তিনি আরও বলেন, জাতীয় প্রতীকে এবারই প্রথম ইউনিয়ন পরিষদের নির্বাচন ছিল। এটি সরকারের জন্যও ছিল নতুন চ্যালেঞ্জ। এছাড়া সরকারি দলের বিদ্রোহী প্রার্থী বেশি থাকায় রক্তক্ষয়ী সংঘর্ষে ঘটনা ঘটেছে। এই সহিংসতা থেকে সকলেরই অভিজ্ঞতা হয়েছে, যাতে আগামীতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়।

চলতি বছরের বাজেট নিয়ে বিএনপির প্রতিক্রিয়ায় মন্ত্রী বলেন, সরকারবিরোধীরা সবসময়ই বাজেটকে গণবিরোধী হিসেবে আখ্যায়িত করে। আর বিএনপি বরাবরই এই বাজেটকে গণবিরোধী বলে আসছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পরিবহন সেক্টরে চাঁদাবাজি নিয়ে ইতোমধ্যেই বৈঠক করা হয়েছে। এই চাঁদাবাজি কঠোরভাবে প্রতিহত করা হবে।এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন স্থানীয় সংসদ সদস্য এএম নাঈমুর রহমান দুর্জয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব এম এ এন সিদ্দিক, সওজের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান, জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস, পুলিশ সুপার মাহফুজুর রহমান বিপিএম, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, প্রকৌশলী আফতাব উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সাবেক ত্রাণ বিষয় সম্পাদক তায়েবুর রহমান টিপু, সওজের নির্বাহী প্রকৌশলী মহিবুল হক, শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম গালিভ খান, শিবালয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউর রহমান খান জানু প্রমুখ।

আরও পড়ুন:
ওভারটেকিং করতে চেয়েছিলেন চালকরা: পুলিশ

/বিটি/এএইচ/