গাছের সঙ্গে বেঁধে যুবককে পৈশাচিক নির্যাতন, সেনা সদস্য আটক (ভিডিও)

ধামরাইয়ে মোবাইল চুরি করার অভিযোগ তুলে গাছের সঙ্গে বেঁধে মধ্যযুগীয় কায়দায় এক যুবককে দিনভর নির্যাতন করা হয়েছে। তার নাম আনিস (২৬)। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়েছে। এ ঘটনায় পুলিশ বৃহস্পতিবার দুপুর সাড়ে তিনটার দিকে রেজাউল করিম বাবু নামে এক সেনা সদস্যকে আটক করেছে। তিনি টাঙ্গাইলের ঘাটাইল ক্যান্টনমেন্টের সেনা সদস্য। চুরির অভিযোগে যুবককে গাছের সঙ্গে বেঁধে পৈশাচিক নির্যাতন

স্থানীয়রা জানায়, প্রতিবেশী হাছেন আলীর ছেলে ফিরোজ হাসেনের মোবাইল ও স্থানীয় কৃষকদের শ্যালো ইঞ্জিন চুরি করার অভিযোগ এনে স্থানীয় রেজাউল, রফিক ও কাইয়ুমসহ ৫-৭ জন মিলে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আনিসকে নিজ বাড়ি থেকে তুলে নিয়ে যায়। পরে নওগাওহাটী নবীন সংঘ ক্লাব ঘরের সামনে নিয়ে গাছের সঙ্গে বেঁধে মধ্যযুগীয় কায়দায় তার ওপর নির্যাতন চালানো হয়। সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত থেমে থেমে চলে এ নির্যাতন। খবর পেয়ে ধামরাই থানা পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

স্থানীয়দের দাবি, আনিসের চুরির অভ্যাস রয়েছে এবং নেশার সঙ্গেও জড়িত।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এছাড়া এ ঘটনায় আনিসের মা বাদী হয়ে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত সেনা সদস্য রেজাউলকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আটক করে নিয়ে আসা হয়েছে।

আরও পড়ুন: সুন্দরবনে বিপুল পরিমাণ চোরাই কাঠ জব্দ

/এআর/টিএন/