মানিকগঞ্জে গৃহবধূর মৃতদেহ উদ্ধার, স্বামী আটক

মানিকগঞ্জমানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের বহড়াবাড়ি গ্রাম থেকে কনা আক্তার (২০) নামে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে স্বামী মনির হোসেনকে আটক করা হয়েছে। শুক্রবার দুপুর ১২ টার দিকে  ‍মৃতদেহটি উদ্ধার করে দৌলতপুর থানা পুলিশ।

কনা আক্তার ওই উপজেলার কলিয়া ইউনিয়নের বহড়াবাড়ি এলাকার মনির হোসেনের স্ত্রী এবং পার্শ্ববর্তী তালুকনগর গ্রামের মৃত জব্বার আলীর মেয়ে।

দৌলতপুর থানার উপ পরিদর্শক (এসআই) তালেব মিয়া জানান, পারিবারিক কলহের জের ধরে গলায় ফাঁস দিয়ে কনা আত্মহত্যা করেছে বলে দাবি করেছে মনিরের পরিবার। তবে কনার পরিবারের দাবি কনাকে পিটিয়ে হত্যা করে আত্মহত্যা বলে প্রচার করা হয়েছে। মৃতদেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান তিনি।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত জানান, মৃতদেহটি উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য কনার স্বামী মনিরকে আটক করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনের পর নিশ্চিত করে বলা যাবে এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড।
পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, এ ঘটনায় কনার পরিবার থেকে থানায় কোনও লিখিত অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন:
শোলাকিয়ায় সাঁড়াশি অভিযান, আটক আরও ৪

গুলি-চাপাতির সঙ্গে আইইডিও ব্যবহার করে জঙ্গিরা

/বিটি/