গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার তিন যুবক দীর্ঘদিন ধরে নিখোঁজ। তাদের সন্ধানে খোঁজ-খবর নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সাদুল্লাপুর থানার ওসি।
তারা হলেন,উপজেলার দামোদরপুর ইউনিয়নের মধ্য ভাঙ্গামোড় গ্রামের ছলিম উদ্দিন সরকারের ছেলে ইদু মিয়া (২৮), ফরিদপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামের দুলু বেপারির ছেলে নজরুল ইসলাম (৪০) ও ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া গ্রামের রাজা মিয়ার ছেলে লিখন মিয়া (২০)।
সাদুল্লাপুর থানার ওসি ফরহাদ ইসরুল কায়েস জানান,নিখোঁজের পর পরিবারের লোকজন থানায় জিডি করলেও এখন পর্যন্ত তাদের সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে পুলিশ খোঁজ-খবর নিচ্ছে।
তিনি আরও জানান,ইদু মিয়া (২৮) চট্টগ্রামের কোস্টগার্ড হেড কোয়ার্টারে কাপড় সরবরাহ করতেন। পাশেই এক বাড়িতে তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে বসবাস করতেন। বিগত ২০১৫ সালের ১৬ ডিসেম্বর হঠাৎ করে তিনি নিখোঁজ হন। তারপর আর বাসায় ফিরে আসেননি। তার মোবাইল সেটটিও বন্ধ। বর্তমানে তার স্ত্রী শাপলা বেগম দুই সন্তান সাবিন (৮) ও সজিবকে (৬) নিয়ে ঢাকায় একটি গার্ন্টেস ফ্যাক্টরিতে কাজ করেছেন।
অপরদিকে নজরুল ইসলাম (৪০) পোষাক করাখানায় কর্মরত থাকার সূত্রে প্রায় ২০ বছর ধরে ঢাকার বসবাস করেন। বিগত ২০১৪ সালের ১৫ জানুয়ারি তিনি সাদুল্লাপুরের গ্রামের বাড়িতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। সেই থেকে তার কোনও সন্ধান পায়নি পরিবারের লোকজন।
ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া গ্রামের রাজা মিয়া জানান, তার ছেলে লিখন প্রামাণিক (২০) ধাপেরহাট বাজারে মুদি দোকান করতেন। বিগত ২০১৫ সালের ১ এপ্রিল দোকান থেকে আর বাড়ি ফেরেননি। প্রায় ১৪ মাস ধরে নিখোঁজ। বাড়ির কারো সঙ্গে তার যোগাযোগ নেই। এমনকি মোবাইল ফোনেও পরিবারের সঙ্গে কখনো কথা বলেননি।
/জেবি/
আরও পড়তে পারেন : সাত বছর পর জেএমবির পাঁচ সদস্যের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন ৩ জন