কিশোরগঞ্জে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় দ্বিতীয় দিনের মতো ছাত্রীদের ক্লাস বর্জন



কিশোরগঞ্জে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে ছাত্রীদের বিক্ষোভকিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ে এক শিক্ষকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টানা দ্বিতীয় দিনের মতো আজ রবিবারও ক্লাস বর্জন চলছে। ছাত্রীরা নির্ধারিত শিক্ষা কার্যক্রমে যোগ দেওয়া থেকে বিরত থেকে সন্ত্রাসীদের বিচার দাবি করে।

এর আগে শনিবারও তারা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

জানা যায়, গত বুধবার শহরের আখড়া বাজার এলাকায় কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো. শাহজাহানের ছেলে শাহরিয়ার আহম্মদ শান্তকে কতিপয় সন্ত্রাসী মারধর করে। খবর পেয়ে তার বাবা ও শিক্ষক শাহজাহান ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা তাকেও মারধর করে। এরপর বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা শিক্ষক সমিতির সভাপতি নূরুল হক সেখানে গেলে সন্ত্রাসীরা তাকেও শারীরিকভাবে লাঞ্ছিত করে।
এ ঘটনায় প্রধান শিক্ষক নূরুল হক বৃহস্পতিবার পুলিশ সুপারকে লিখিতভাবে বিষয়টি জানানোর পরও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। এর প্রতিবাদে ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত বিদ্যালয়ের ছাত্রীরা অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের ঘোষণা দেয়। এরই পরিপ্রেক্ষিতে সন্ত্রাসীদের বিচার দাবি করে গতকাল শনিবার ছাত্রীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

এ বিষয়ে রোববার প্রধান শিক্ষক নূরুল হক বলেন, শিক্ষক লাঞ্ছনার দৃষ্টান্তমূলক বিচার না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

/এবি/

আরও পড়ুন
মুন্সীগঞ্জে টর্নেডোর আঘাতে আহত ৩৫

ধোঁয়ায় আচ্ছন্ন বসুন্ধরা সিটি