টঙ্গীতে বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরবকেয়া বেতনের দাবিতে গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানার শ্রমিকরা  বিক্ষোভ করেছেন। বুধবার সকালে বিসিক শিল্প এলাকার কেন্টো এশিয়া লিমিটেড কারখানার শ্রমিকরা মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। পরে বেলা ১১টার দিকে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। বর্তমানে তারা কারখানার সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছেন।

শ্রমিকরা জানান, স্টাফদের বকেয়া বেতন, ঈদ বোনাস ও শ্রমিকদের চলতি মাসের বেতনসহ বিভিন্ন পাওনা না দিয়ে কর্তৃপক্ষের স্বাক্ষরবিহীন প্রতিষ্ঠানটি বন্ধের একটি নোটিশসহ গেইটে তালা ঝুলিয়ে দেওয়া হয়। পরে শ্রমিকরা আজ  সকালে কর্মস্থলে গিয়ে কারখানার ফটকে তালা দেখতে পান। এ সময় বেতন ভাতা পরিশোধের দাবিতে উত্তেজিত শ্রমিকরা কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন।

গাজীপুর শিল্প পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) তাহমিদুল ইসলাম জানান, শিল্প পুলিশ মালিকপক্ষের সঙ্গে কথা বলে বেতনের আশ্বাস দিলে শ্রমিকরা বিক্ষোভ থামিয়ে স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেলের বাসায় যান। সেখানে তাকে না পেয়ে বেলা ১১টার দিকে শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করেন। কিন্তু পুলিশের বাধায় সড়ক অবরোধ করতে না পারায় বর্তমানে তারা কারখানার সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছেন।

আরও পড়ুন:
ছেলের দেওয়া আগুনে অবশেষে মারা গেলেন বাবা

/বিটি/