মিঠামইনে উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন রাষ্ট্রপতি

Still0929_00002দুই দিনের সরকারি সফরে রাষ্ট্রপতি আবদুল হামিদ তার নিজ এলাকা কিশোরগঞ্জের মিঠামইনে গেছেন। সেখানে তিনি বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন।

এর আগে বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে রাষ্ট্রপতি হেলিকপ্টারে স্থানীয় হেলিপ্যাডে অবতরণ করেন। পরে সেখানে থেকে রিকশা দিয়ে মিঠামইনের ডাকবাংলোয় পৌঁছান। সেখানে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। সেখানে কিছুক্ষণ বিশ্রামের পর থানাঘাটে নবনির্মিত ৫০০ আসন বিশিষ্ট রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টার পরিদর্শন করেন তিনি। জেলা পরিষদ চার কোটি ১৯ লাখ টাকা ব্যয়ে এ অডিটোরিয়ামটি নির্মাণ করেছে।

সেখান থেকে আবদুল হামিদ নির্মাণাধীন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স পরিদর্শনে যান। এছাড়াও তিনি  লঞ্চঘাটসহ মিঠামইন বাজারের বিভিন্ন রাস্তাঘাট ঘুরে দেখেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে বাজারের সাথে একটি সেতু নির্মাণের বিষয়ে কথা বলেন রাষ্ট্রপতি। এ সময় তার সঙ্গে স্থানীয় সংসদ সদস্য রেজওয়ান আহম্মদ তৌফিক, কটিয়াদী-পাকুন্দিয়া আসনের সংসদ সদস্য মো. সোহরাব উদ্দিন ও বাজিতপুর-নিকলীর সংসদ সদস্য এম এ আফজালসহ আওয়ামী লীগের জেলা ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

বিকালে মুক্তিযোদ্ধা আবদুল হক কলেজের রজতজয়ন্তী অনুষ্ঠানে রাষ্ট্রপতি আবদুল হামিদের  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে। আজ  ও আগামীকাল মিঠামইনে নিজ বাড়িতে অবস্থান করে শনিবার সকাল ১১টায় তিনি বঙ্গভবনে ফিরে যাবেন বলে জানা গেছে।

আরও পড়ুন:

জঙ্গি তামিম চৌধুরীর সহযোগী কামরান গ্রেফতার 

/বিটি/