নিখোঁজের ১৯ ঘণ্টা (দুপুর ২টা পর্যন্ত) পার হলেও নরসিংদীর রায়পুরার মেঘনা নদীতে ইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটনায় চার ব্যবসায়ীর এখনও সন্ধান মেলেনি।
নিখোঁজ ব্যবসায়ীরা হলেন- রায়পুরার আব্দুল্লাহপুর গ্রামের আ. হাকিম, ফরিদ মিয়া,বাহেরচর গ্রামের আনোয়ার হোসেন ও মেহেরনগর গ্রামের খলিল মিয়া।
মঙ্গলবার সন্ধ্যা ৭টায় উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভেলুয়ারচর গ্রাম সংলগ্ন স্থানে ঝড়ের কবলে পড়ে এ নৌকাডুবির ঘটনা ঘটে। এসময় কয়েকজন ব্যবসায়ী সাঁতরিয়ে তীরে উঠতে পারলেও চারজন পশু ব্যবসায়ী নিখোঁজ হন। পানিতে ডুবে যায় নৌকায় থাকা পশুগুলো।
খবর পেয়ে বুধবার সকালে নিখোঁজদের উদ্ধার করতে অভিযানে নামে ৭ সদস্যের ডুবুরি দল। ঢাকা থেকে যাওয়া ৩ সদস্যের ডুবুরির দল ও নরসিংদী ফায়ার সার্ভিসের ৪ জন ডুবুরি দীর্ঘ অভিযান চালিয়েও নিখোঁজদের সন্ধান পাননি।
নরসিংদীর জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান বাংলা ট্রিবিউনকে জানান,নৌকাডুবির ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসক নুরুল হককে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এখনও উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগর উপজেলার বাইশমৌজা পশুর হাট থেকে রায়পুরার চরসুবুদ্ধিতে ফেরার পথে ডুবে যায় পশুবাহী ইঞ্জিনচালিত এ নৌকাটি।
/এআর/