ছাত্রীকে ধর্ষণের ভিডিও ফাঁস করার হুমকি, শিক্ষক গ্রেফতার

নারায়ণগঞ্জনারায়ণগঞ্জে ফেসবুকের বন্ধুর সঙ্গে মনোমালিন্য দূর করার নামে ছাত্রীকে ধর্ষণের ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সমীর দত্ত (৩৯) নামে এক গৃহ শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে শহরের গলাচিপার গোয়ালবাড়ি এলাকার পল্টনের ভাড়াটিয়া বাড়ি হতে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার মৃত মনোহর দত্তের ছেলে।
এ ঘটনায় ওই কলেজ ছাত্রীর বাবা সমীর দত্তের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একটি ধর্ষণের মামলা করা হয়েছে।
মামলার বরাত দিয়ে তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার এসআই মিজানুর রহমান জানান, ঘটনার শিকার ওই মেয়ে নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজে অনার্সের প্রথম বর্ষে লেখাপড়া করে। তাদের বাড়ি ফতুল্লার দেওভোগ পানির ট্যাংকি এলাকাতে। চতুর্থ শ্রেণি থেকে তাকে বাসায় পড়াশোনা করাচ্ছে গৃহ শিক্ষক সমীর দত্ত। এর মধ্যে ওই ছাত্রীর সঙ্গে শহরের ২নং বাবুরাইল এলাকার ইসমাইল হোসেনের ছেলে শুভর সঙ্গে ফেসবুকের মাধ্যমে সম্পর্ক গড়ে উঠে। বিষয়টি শিক্ষক সমীর দত্তকে জানায় কলেজ ছাত্রী। কিন্তু এর মধ্যে শুভের সঙ্গে মনোমালিন্য সৃষ্টি হলে তাকে নিয়ে বিভিন্ন কবিরাজের কাছে যায় সমীর। গত বছরের ডিসেম্বরে দেওভোগ পানির ট্যাংকি এলাকার জনৈক রকির বাসায় নিয়ে কবিরাজির কথা বলে তাকে ধর্ষণ করে সমীর দত্ত। আর ওই ধর্ষণের ভিডিও ধারণ করা হয় মোবাইলে। ইতোমধ্যে সেই ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়াসহ ছাত্রীর আত্মীয় স্বজনের কাছে পৌঁছে দেওয়ার হুমকি দিয়ে নগদ ২৫ হাজার টাকা ও ১৯ ভরি স্বর্ণালংকার হাতিয়ে নেয় সমীর। এরপর আরও টাকা দাবি করতে থাকে। পরে কলেজ ছাত্রী বিষয়টি তার পরিবারকে জানায়। এ ঘটনায় সকালে মামলা হলে দুপুরে তাকে গ্রেফতার করা হয়।

/এআর/