দেশে অন্ধকারে আলোর প্রদীপ জ্বালিয়েছিলেন এরশাদ: জাতীয় পার্টির মহাসচিব

Gazipur JAPA Secratuary Picজাতীয় পার্টির মহাসচিব এ,বি,এম রুহুল আমিন হাওলাদার এমপি বলেছেন, ‘অন্ধকারে আলোর প্রদীপ জ্বালিয়েছিলেন সাবেক সফল রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। তার ৯ বছরের শাসনামলে দেশে গণতন্ত্র ছিল, মানুষের নিরাপত্তা ছিল, অধিকার ছিল, শান্তি ছিল। অর্থনৈতিক সমৃদ্ধপূর্ণ দেশে তখন হাজার হাজার কিলোমিটার রাস্তা-ঘাট তৈরি হয়েছিল। দেশে সন্ত্রাস, জঙ্গিবাদ ও হানাহানি ছিল না। আর এখন জাতি একটি কঠিন ক্রান্তিকাল অতিক্রম করছে।’

বৃহস্পতিবার বিকালে জাতীয় যুবসংহতির গাজীপুর মহানগর শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জাতীয় পার্টির মহাসচিব।

তিনি বলেন, ‘আমরা সরকারকে সহযোগিতা করছি। তাদের ভাল কাজে প্রশংসা করছি এবং খারাপ কাজের প্রতিবাদ করি। অতীতে হুসেইন মুহম্মদ এরশাদ বহুবার কারাবরণ করেছেন। এখনও তার মামলাগুলো প্রত্যাহার হচ্ছে না।’

তিনি মিয়ানমারের রোহিঙ্গা মুলমানদের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানান।

রুহুল আমিন হাওলাদার আরও বলেন, জাতীয় পার্টি আগামীতে এককভাবে নির্বাচন করবে। এজন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে। আগামী ১ জানুয়ারি ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের মাধ্যমে পূর্ণশক্তি নিয়ে জাতীয় পার্টি নির্বাচনি কাজে নেমে পড়বে।

গাজীপুর জেলা শহরের মুক্তমঞ্চে বিকালে অনুষ্ঠিত এ সম্মেলনের উদ্বোধন করেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও জাতীয় যুব সংহতির আহ্বায়ক আলমগীর সিকদার লোটন। এতে প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও জাতীয় যুবসংহতির সাংগঠনিক সম্পাদক ফকরুল আহ্সান শাহ্জাদা। জাতীয় যুবসংহতি গাজীপুর মহানগর শাখার সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা খন্দকার আব্দুস সালাম, গাজীপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মিয়া, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বাহাউদ্দিন আহম্মেদ বাবুল, আরিফ খাঁন, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য জয়নাল আবেদীন, সাইদুর রহমান শাহিন, মহানগর যুব সংহতির সাধারণ সম্পাদক আবুল হোসেন প্রমুখ।

/বিটি/