আশুলিয়ায় দুটি পোশাক কারখানার দুই শতাধিক শ্রমিকের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে কারখানা কর্তৃপক্ষ। বুধবার সকালে আশুলয়ার উইন্ডি গ্রুপ ও ফাউন্টেন কারখানা কর্তৃপক্ষ আশুলিয়া থানায় মামলা দুটি দায়ের করেন। এদের মধ্যে উইন্ডি গ্রুপের কারখানার ১২০ শ্রমিককে বরখাস্ত করা হয়েছে।
শ্রমিক ও পুলিশ সুত্র জানায়, আশুলিয়র জামগড়া এলাকার উইন্ডি গ্রুপের পোশাক কারখানায় গত ১২ ডিসেম্বর থেকে মজুরি বৃদ্ধিসহ ১৬ দফা দাবিতে শ্রমিকরা কর্মবিরতি পালন শুরু করে। টানা কয়েকদিন কর্মবিরতির পর শ্রমিকরা কারখানার ভেতরে বিক্ষোভ করতে থাকে। এসময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলে তারা উত্তেজিত হয় ওই কারখানায় ভাঙচুর চালায়।
কারখানার ভেতরে ভাঙচুর, অন্যায়ভাবে বেতন বৃদ্ধির দাবি ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কারখানার ১২০জন শ্রমিককে বরখাস্ত করা হয়। কারখানার মূল ফটকের সামনে ছাটাইকৃত শ্রমিকদের তালিকা দিয়ে অনির্দিষ্টকালের বন্ধের ঘোষণাও দিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।
এ ব্যাপারে উইন্ডি গ্রুপের প্রশাসনিক কর্মকর্তা একে এম ফজলুল হক বলেন, শ্রমিকরা অন্যায়ভাবে মজুরি বৃদ্ধির আন্দোলন করে শৃঙ্খলাভঙ্গ করেছে। এছাড়া কারখানার ভেতরে ভাঙচুরের অভিযোগে তাদেরকে বরখাস্ত করা হয়েছে।
এ ঘটনায় ওই কারখানার সহকারি মহা ব্যবস্থাপক মাসুদ বাদী হয়ে কারখানার শ্রমিক জীবন মিয়া, আসাদুজ্জামান, হাফিজুর রহমান, সুরুজ মিয়া, সুলতানা আক্তারসহ ২০ জনের নাম উল্লেখসহ আরো শতাধিক শ্রমিককে অজ্ঞাত করে একটি মামলা দায়ের করেন।
অন্যদিকে একই অভিযোগে আশুলিয়ার গাজীরচট এলাকার ফাউন্টেন কারখানা কর্তৃপক্ষ ১৮ জন শ্রমিকের নাম উল্লেখসহ আরও ৬০জনকে অজ্ঞাত করে আশুলিয়া থানার অপর একটি মামলা দায়ের করেন।
এ ব্যাপারে আশুলিয়া শিল্প পুলিশের পরিচালক মোস্তাফিজুর রহমান শ্রমিক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে বলেন, যেকোনও অপ্রিতীকর পরিস্থিতি এড়াতে কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বলেন, কারখানার ভেতরে ভাঙচুর ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দুটি কারখানার কর্তৃপক্ষ দুই শতাধিক শ্রমিদের বিরুদ্ধে মামলা দুটি দায়ের করেন।
/এআর/