মেননকে মন্ত্রীত্ব থেকে গামছা দিয়ে টেনে নামানো হবে: কাদের সিদ্দিকী

কাদের সিদ্দিকীআগামী জানুয়ারি মাসের মধ্যে যদি রাশেদ খান মেননকে মন্ত্রীত্ব থেকে সরিয়ে না দেওয়া হয়, তবে তাকে গামছা দিয়ে টেনে নামানো হবে বলে মন্তব্য করেছেন কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী। শনিবার দুপুরে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে দলের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও দলের টাঙ্গাইল জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সম্মেলনে ক্ষোভ প্রকাশ করে কাদের সিদ্দিকী বলেন, ‘বঙ্গবন্ধুর চামড়া দিয়ে যারা ডুগডুগি বাজাতে চেয়েছিলো বঙ্গবন্ধু হত্যার পর তাদের ভাগ্য খুলে গেছে। আজ রাশেদ খান মেননের মতো মানুষরা বিমানমন্ত্রী হয়ে শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করবে, তা আমি সহ্য করবো না।’
দেশে গণতন্ত্র নেই, জনগণের প্রতিনিধির সংসদ নেই উল্লেখ করে জনতা লীগের এ নেতা বলেন, ‘সংসদের বেশির ভাগ সদস্যই ব্যবসায়ী। রাজনীতি এখন ব্যবসায়ী-লুটেরাদের হাতে। মুক্তিযোদ্ধারা দয়ার পাত্র নয়, তারা সম্মানের পাত্র। আজ মুক্তিযোদ্ধাদের সেই সম্মান নেই। রাজনীতিবিদরা আজ মনে করে জনগণের দরকার নাই। রাজনীতি, রাজনৈতিক নেতার প্রতি জনগণের আস্থা, বিশ্বাস কমে গেছে।’
কাদের সিদ্দিকী বলেন, ‘বঙ্গবন্ধুর পায়ের নিচে অস্ত্র জমা দিয়েছিলাম। কিন্তু সেই অস্ত্র জমা দেওয়া আজ কোনও কাজেই আসেনি। কারণ সন্ত্রাস ও লুটেরারাই আজ দেশ শাসন করছে। আমি বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে মুক্তিযুদ্ধ ও আওয়ামী লীগ করেছি। সে আদর্শ আজ আওয়ামী লীগের মধ্যে নেই। তাই কৃষক-শ্রমিক-জনতা লীগ দল গঠন করেছি। যতদিন না মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে ততদিন আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবো।’

নারায়ণগঞ্জের সিটি করপোরেশন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে দাবি করে তিনি বলেন, ‘এই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সেলিনা হায়াৎ আইভী নির্বাচিত হয়েছেন। এ নিয়ে কোনও সংশয় নেই। শামীন ওসমান যদি আইভীর পক্ষে নির্বাচন না করতো তাহলে আইভী আরও দশ হাজার ভোট বেশি পেতো। শামীম ওসমান ব্যালটে সিল দিয়ে প্রদর্শন করে যে আচরণ বিধি লঙ্ঘণ করেছে তার বিচার হওয়া উচিৎ।’

কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক হাবিবুর রহমান তালুকদার খোকা সম্মেলন সভাপতিত্ব করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, বিশিষ্ট মুক্তিযোদ্ধা বুলবুল খান মাহবুব, আবু মোহাম্মদ এনায়েত করিম, ন্যাপ ভাসানীর মহাসচিব হাসরত খান ভাসানী।

সম্মেলনে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দলের কেন্দ্রীয় নেতা নাসরিন কাদের সিদ্দিকী। স্বাগত বক্তব্য রাখেন, জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক হাসমত আলী নেতা, সম্মেলন পরিচালনা করেন, জেলা কৃষক শ্রমিক জনতা লীগের নেতা অ্যাডভোকেট রফিকুল ইসলাম রফিক। সম্মেলনে বিভিন্ন উপজেলা প্রতিনিধিসহ জেলা প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

/এমও/