রায়পুরায় পুলিশ-গ্রামবাসী সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৩

নরসিংদীনরসিংদীর রায়পুরার নিলক্ষায় পুলিশ-গ্রামবাসী সংঘর্ষে দুই গ্রামবাসী গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় আহত হয়েছেন এক পুলিশ সদস্য। রবিবার বিকালে নিলক্ষা ইউনিয়নের দঁড়িগাও পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, নিলক্ষার দঁড়িগাও পূর্বপাড়া গ্রামে খালেক শাহ’র চল্লিশা উপলক্ষে তার মাজারে দোয়া ও মিলাদ মাহফিলসহ বাউল গানের আসর বসে। প্রশাসনের অনুমতি না থাকায় এতে পুলিশ বাধা দিলে গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষ বাধে। এ সময় পুলিশ গুলি ছুড়লে জালাল মিয়াসহ অজ্ঞাতনামা গুলিবিদ্ধ হয়। পরে উত্তেজিত জনতা দুই পুলিশকে অবরুদ্ধ করে তাদের উপর হামলা চালায়। এ সময় আহত হন রায়পুরা থানার উপ-পরিদর্শক রহিদুল ইসলাম। তাকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলেও গ্রেফতারের ভয়ে গুলিবিদ্ধদের অজ্ঞাত স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার শফিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, আধিপত্য বিস্তার নিয়ে গত ১৪ নভেম্বর নিলক্ষা ইউনিয়নের বিবাদমান দুই চেয়ারম্যান গ্রুপের মধ্যে সংঘর্ষে চারজন নিহত হওয়ার পর নিলক্ষা ইউনিয়নের দড়িগাঁও ও সোনাকান্দি গ্রামে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করে প্রশাসন।

আরও পড়ুন:

খুলনায় ঘরে ঢুকে কলেজ শিক্ষককে খুন

/বিটি/