টাঙ্গাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১৫

টাঙ্গাইলঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ১৫ জন। তাদের ২৫০ শয্যা বিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মহাসড়কের টাঙ্গাইল শহর বাইপাসের আশেকপুর এলাকায় এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

টাঙ্গাইল ট্রাফিক পুলিশের সার্জেন্ট ইফতেখার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের দুজন যাত্রী নিহত হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে।

/এমডিপি/