নরসিংদীতে ‘আমকদর’ নামে বেলরুশের একটি ভারী যানবাহন ও যন্ত্রপাতির ট্রেড ও সার্ভিস সেন্টারের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ সেন্টারের উদ্বোধন করেন।
পলাশ উপজেলার কো-অপারেটিভ জুটমিলের শিল্পজোনের জন্য বরাদ্দকৃত জায়গায় শিল্প প্রতিষ্ঠানটি নির্মাণ করা হয়েছে। বেলারুশের যন্ত্রপাতি নির্মাতা প্রতিষ্ঠান আমকদর এবং বাংলাদেশি অ্যাজেন্ট আরএমএম ইনটেগ্রেটেড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল লিমিটেডের যৌথ উদ্যোগে এ প্রতিষ্ঠানটি স্থাপন করা হয়েছে।
এসময় বেলারুশের শিল্পমন্ত্রী মিস্টার ভিতালী ভোভক, স্থানীয় সরকার সচিব আব্দুল মালেক, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী, আমকদর বাংলাদেশ এর চেয়ারম্যান অনিরুদ্ধ কুমার রয়সহ অন্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ২০১৩ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বেলারুশ সরকারের সহজ শর্তে দ্রব্য আমদানির একটি চুক্তি স্বাক্ষরিত হয়। সেই চুক্তির আওতায় স্থানীয় সরকার বিভাগ সিটি করপোরেশন ও পৌরসভার জন্য বেলারুশ থেকে ভারী যন্ত্রপাতি আমদানি করেছে। এ প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় ও অত্যাধুনিক যন্ত্রপাতির যথেষ্ট অভাব থাকায় বেলারুশ থেকে এসব ভারী যানবাহন ও যন্ত্রপাতি কেনা হয়। যা সিটি করপোরেশন ও পৌরসভাগুলোর সক্ষমতা বাড়িতে তুলবে বলে আশা করা হচ্ছে।
আমকদর এসব পৌর যন্ত্রপাতি বিক্রয়সহ ও বিক্রয়োত্তর সেবা দেওয়ার উদ্দেশ্যে নরসিংদীর পলাশে এই ট্রেড ও সার্ভিস সেন্টার স্থাপন করেছে। সার্ভিস সেন্টারটি আগামী ১১ বছর এ প্রতিষ্ঠান থেকে কেনা যন্ত্রপাতির রক্ষণা-বেক্ষণ সংক্রান্ত সেবাসহ বিভিন্ন সেবা দিবে। পাশাপাশি এ প্রতিষ্ঠান থেকে কেনা যন্ত্রপাতি আমদানি করে এই সার্ভিস সেন্টারে সংযোজন করে অচিরেই সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোয় বিতরণ করা হবে বলেও জানানো হয়। এসব ভারী যানবাহন ও যন্ত্রপাতি দেশের বিভিন্ন স্থানে রাস্তা সংস্কারসহ মাঠ-ঘাট, স্কুল-কলেজ, শিল্পকারখানা নির্মাণ ও সংস্কারে বিশেষ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।
/জেবি/
আরও পড়তে পারেন: নারীকে অনগ্রসর রাখলে দেশে উন্নয়ন হবে না: কৃষিমন্ত্রী