ব্যারিস্টার মওদুদ আহমদকে বাড়ি থেকে উচ্ছেদ করার ব্যাপারে সরকারের কোনও হস্তক্ষেপ ছিল না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘উচ্চ আদালতের নির্দেশেই মওদুদকে বাড়ি ছাড়তে হয়েছে। খালেদা জিয়াকেও উচ্চ আদালতের নির্দেশে ঢাকা ক্যান্টনম্যান্টের মইনুল হোসেন রোডের বাড়িটি ছাড়তে হয়েছে। এখানেও সরকারের কোনও ভূমিকা ছিল না। খালেদা জিয়া ও মওদুদ অবৈধভাবে এসব বাড়িতে ছিলেন। সর্বোচ্চ আদালতের রায়ের পর যেসব সংস্থার রায় বাস্তবায়ন করার কথা, সেসব সংস্থা তা করেছে। এসবের সঙ্গে সরকারের কোনও সম্পর্ক নেই।’
বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর চেরাগআলী মার্কেট এলাকা পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, '২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর নির্বাহী আদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য বরাদ্ধকৃত গণভবন ও ধানমন্ডিতে শেখ রেহেনার জন্য বরাদ্ধকৃত বাড়িটি কেড়ে নেওয়া হয়েছিল। কিন্তু মওদুদ ও খালেদা জিয়া সর্বোচ্চ আদালতের নির্দেশে বাড়ি ছাড়া হয়েছেন। ক্ষমতায় আসার পর বিএনপির অত্যাচারে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী খালি গায়ে এলাকা ছেড়েছে। সেটা জনগণ ভুলে যায়নি।'
মন্ত্রী বলেন, 'ঈদে মানুষের চলাচল নির্বিঘ্ন ও নিরাপদ করতে সড়ক-মহাসড়কে আনসার ও পুলিশসহ কমিউনিটি পুলিশ কাজ করবে।'
এসময় মন্ত্রীর সঙ্গে ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ ও গাজীপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জামিল হোসেনসহ সড়ক ও জনপথের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
/জেবি/এমএ/
আরও পড়তে পারেন: ৫৭ ধারায় জাবি’র সাবেক ছাত্রলীগে নেতা গ্রেফতার