মুন্সীগঞ্জে হাসপাতালের ছাদে মিললো নিখোঁজ রোগীর লাশ

মুন্সীগঞ্জমুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিখোঁজ এক বৃদ্ধের মরদেহ হাসপাতালের ছাদ থেকে উদ্ধার করেছে পুলিশ। তার নাম হাজী রফিক বেপারী (৭০)। তিনদিন আগে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিখোঁজের পর বৃহস্পতিবার (১৫ মে) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।
রফিক বেপারীর বাড়ি মুন্সীগঞ্জ পৌরসভার রনছ্ হাওলাপাড়া এলাকায়। নিহতের ভাতিজা মিজান বেপারী জানান, চাচা চিকিৎসার জন্য ৬ জুন হাসপাতালে ভর্তি হয়। ২য় তলায় পুরুষ ওয়ার্ডে ওয়ার্ডে ১নং বেডে ভর্তি ছিল। রবিবার (১১ জুন) ভোররাত ৪টা থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সন্ধান না মিলায় সদর থানায় নিখোঁজের একটি সাধারণ ডায়েরি (৬৬৫/১৭) করা হয়। বৃহস্পতিবার সকালে তাকে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় ছাদ থেকে মরদেহ পাওয়া গেছে। হাসপাতালের ছাদের যে জায়গা থেকে তাকে পাওয়া যায় তার পক্ষে একা যাওয়া সেখানে সম্ভব না।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউনুচ আলী বাংলা ট্রিবিউনকে জানান, এই ঘটনায় বুধবার নিহতের স্বজনরা একটি সাধারণ ডায়েরি করেছেন। আজ সকালে হাসপাতালের পরিচ্ছন্ন কর্মীরা ছাদ পরিষ্কার করতে গিয়ে বৃদ্ধের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
তিনি আরও জানান, নিহত রফিক একজন মানসিক প্রতিবন্ধী ছিলেন।তদন্ত করে বিস্তারিত বলা যাবে।

সিভিল সার্জন ড. ছিদ্দিকুর রহমান বলেন, নিহত রফিক গত ৬ জুন ঠাণ্ডাজনিত কারণে হাসপাতালে চিকিৎসা নিতে আসে। ১১ জুন সে নিখোঁজ হয় পরে আমরা লিপিবদ্ধ করি। আজ সকালে ছাদ পরিষ্কার করতে গিয়ে তার মরদেহ পাওয়া যায়।
/এআর/