শ্রীপুরে কৃষকের মরদেহ উদ্ধার: বড় ভাইয়ের নামে হত্যা মামলা

গাজীপুরগাজীপুরের শ্রীপুরে কৃষক আব্দুর রাজ্জাকের (৪৫) মরদেহ উদ্ধারের ঘটনায় নিহতের বড় ভাই ও তার পাঁচ সহযোগীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের মেয়ে রুবাইয়া আক্তার বাদী হয়ে বুধবার (৯ আগস্ট) শ্রীপুর থানায় মামলাটি দায়ের করেন। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) ও রফিকুল ইসলাম উপ-পরিদর্শক (এসআই) আব্দুস ছাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত আব্দুর রাজ্জাক বেলতলী গ্রামের মৃত হেকমত আলীর ছেলে। নিহতের বড় ভাই মজিবুর রহমান। তাকেই হত্যা মামলার প্রধান আসামি করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়েছে, জমি সংক্রান্ত বিরোধের জের ধরেই পাঁচ সহযোগীকে নিয়ে মজিবুর রহমান পরিকল্পিতভাবে হত্যাকাণ্ডটি ঘটিয়েছেন।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস ছাত্তার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কৃষক আব্দুর রাজ্জাক ২৮ জুলাই নিখোঁজ হন। পরদিন তার স্ত্রী সাইদুন্নাহার শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি করেন। মঙ্গলবার (৮ আগস্ট) বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের উত্তর-পূর্ব পাশের সীমানা প্রাচীরেঘেঁষা একটি ঝোঁপ থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।’
এসআই আব্দুস ছাত্তার জানান, নিখোঁজের পর থেকে আব্দুর রাজ্জাককে উদ্ধারের চেষ্টা অব্যাহত ছিল। মোবাইল ট্র্যাকিং করেও তার অবস্থান শনাক্ত করা যায়নি।
শ্রীপুর থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে কৃষক আব্দুর রাজ্জাকের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
/টিআর/