শ্রীপুরে ওয়েলটেক্স কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

গাজীপুর

গাজীপুরের শ্রীপুরে আদীব গ্রুপের ওয়েলটেক্স কারখানায় বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকেরা। শনিবার সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত এক ঘণ্টা উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ এলাকার কারখানার সামনে মহাসড়ক অবরোধ ও কিক্ষোভ করে শ্রমিকরা। এসময় মহাসড়কের উভয় পাশে দুই কিলোমিটার যানজট হয়।

পরে গাজীপুর শিল্প পুলিশ, মাওনা হাইওয়ে ও শ্রীপুর থানা পুলিশের কর্মকর্তারা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানেরে আশ্বাস দিলে শ্রমিকরা মহাসড়ক থেকে সড়ে গিয়ে অবরোধ তুলে নেয় এবং যান চলাচল স্বাভাবিক হয়।    

কারখানার ওয়াশিং শাখার শ্রমিক হাফিজুর রহমান জানান, গত ঈদের আগে কারখানা কর্তৃপক্ষ বিশ দিনের বেতন দেওয়ার কথা বলে ১০ দিনের বেতন দিয়ে ছুটি দিয়ে দেয়। ঈদের ছুটি শেষে ১০ সেপ্টেম্বর অফিস খোলার পাঁচদিন পর (১৬ সেপ্টেম্বর) বাকি বেতন দিবে বলে কর্তৃপক্ষ তাদের আশ্বাস দেয়। পরে বেতন দেওয়ার তারিখ চলে গেলেও কর্তৃপক্ষ বেতন না দিয়ে আবার ২৩ সেপ্টেম্বর বকেয়া বেতন দেওয়ার আশ্বাস দেয়। কর্তৃপক্ষ বার বার সময় দিয়েও বেতন না দেওয়ায় শ্রমিকরা বাধ্য হয়ে মহাসড়ক অবরোধ করেছে।

ওয়াশিং শাখার শ্রমিক রিপন, মেহেদি ও আশরাফুল জানান, প্রতি মাসের বেতন পরবর্তী মাসের ১০ তারিখ দেওয়ার কথা থাকলেও কারখানা কর্তৃপক্ষ বিভিন্ন সময় ২২ অথবা ২৫ তারিখ বেতন দেয়। তাছাড়া বন্ধের দিন ওভারটাইম করালেও টাকা দেওয়া হয় না।

কারখানার অ্যাডমিন ম্যানেজার (প্রশাসনিক ব্যবস্থাপক) শামীম আহমেদ জানান, ওয়াশিং শাখার কয়েকজন শ্রমিক বিনা অনুমতিতে কারখানায় অনুপস্থিত থাকায় তাদের বেতন দিতে দেরি হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে শিগগিরিই তাদের বেতন দিয়ে দেওয়া হবে।

গাজীপুর শিল্প পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোনায়েম আহমেদ জানান, কারখানার হিসাব বিভাগের ম্যানেজারের সঙ্গে কথা বলে শ্রমিকদের বকেয়া বেতন শনিবার দিয়ে দেওয়া হচ্ছে। আর প্রতি মাসের বেতন ১১ তারিখের মধ্যে পরিশোধ করা হবে বলে কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে।

কারখানার মহা ব্যবস্থাপক (উৎপাদন) মাহবুবুর রহমান জানান, আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলে বেতন ও সব দাবি পূরণের আশ্বাস দিলে তারা কাজে যোগ দেয়।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন জানান, কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বেতনসহ সব দাবি-দাওয়া পূরণের আশ্বাস দিলে আন্দোলনরত শ্রমিকের অবরোধ তুলে নেয়।       

আরও পড়তে পারেন: দিনাজপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ