নদীতে গোসল করতে নেমে স্কুল ছাত্রের মৃত্যু, চিকিৎসক লাঞ্ছিত

চিকিৎককে লাঞ্ছিত করার অভিযোগে চিকিৎসা সেবা বন্ধ

নারায়ণগঞ্জ বন্দরের শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে সীমান্ত (১৪)নামে অষ্টম শ্রেণীর এক ছাত্রের মৃত্যু হয়েছে। ছাত্রকে উদ্ধার করে হাসপাতানে নেওয়ার পর মৃত ঘোষণা করায় তার স্বজনরা চিকিৎসককে লাঞ্ছিত করেছে বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় চিকিৎসা সেবা বন্ধ করে বিক্ষোভ করছে ওই হাসপাতালের ডাক্তার ও নার্সরা। সোমবার দুপুরে খানপুর তিনশ’ শয্যা হাসপাতালে এ ঘটনা ঘটে।

জানা যায়, বন্দর বিএম ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র সীমান্তসহ তিন বন্ধু সোমবার দুপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামে। এ সময় সীমান্ত নদীর পানিতে তলিয়ে গেলে তার বন্ধুরা বিষয়টি স্থানীয় লোকদের জানায়। প্রায় আধাঘণ্টা চেষ্টার পর তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ তিনশ’ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসক জান্নাতুল ফেরদৌস নাঈম তাকে মৃত ঘোষণা করলে সীমান্তের স্বজনরা ক্ষিপ্ত ডাক্তারকে লাঞ্ছিত করে।

রোগির স্বজনদের অভিযোগ জরুরি বিভাগে রোগী নিয়ে আসার পর চিকিৎসক জান্নাতুল ফেরদৌসকে কয়েক দফা ডাকার পরও তিনি আসেননি। নার্স-ব্রাদাররা চিকিৎসা দেন। বেশ কিছুক্ষণ পর ডাক্তার এসে রোগিকে মৃত ঘোষণা করে।

এদিকে ডাক্তারকে লাঞ্ছিত করার প্রতিবাদে ডাক্তার ও নার্সরা জরুরি বিভাগের চিকিৎসা কার্যক্রম বন্ধ করে, বিক্ষোভ প্রদর্শন করে। বিকেল ৩টায় এ রির্পোট লেখা পর্যন্ত জরুরি বিভাগের চিকিৎসা কর্যক্রম বন্ধ ছিল। এ সময় বেশ কয়েক জন রোগী জরুরি বিভাগে এসে চিকিৎসক না পেয়ে ফিরে যান।

জরুরি বিভাগের চিকিৎসক জান্নাতুল ফেরদৌস নাঈম অভিযোগ অস্বীকার করে বলেন,‘রোগী আসার সঙ্গে সঙ্গে তার নাড়িসহ বিভিন্ন জিনিস পরিক্ষা করে মৃত ঘোষণা করি। আর এতে ক্ষিপ্ত হয়ে রোগী স্বজনরা আমাকে মারধর করে।

এ ব্যাপারে খানপুর হাসপাতালের তত্ত্বাবধায়ক চিকিৎসক মোতালিব মিয়া জানান, জরুরি বিভাগের সিসি টিভি ফুটেজ দেখে ডাক্তারের অবহেলা থাকলে ব্যবস্থা নেওয়া হবে। আর ডাক্তারকে লাঞ্ছিত করার বিষয়ে থানায় মামলা করা হবে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত ) আব্দুর রাজ্জাক জানান, সীমান্ত নামে এক স্কুল ছাত্র পানিতে ঢুবে মারা যাওয়ার ঘটনায় তার  স্বজনরা এক চিকিৎসককে লাঞ্ছিত করেছে। এ ব্যাপারে হাসপাতাল কৃর্তপক্ষ লিখিত অভিযোগ দিলে মামলা নেওয়া হবে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়তে পারেন: রূপগঞ্জে যুবলীগের অফিসে হামলা-ভাঙচুর, আহত দুই