লালবাগ থেকে এক জঙ্গি গ্রেফতার, তিন দিনের রিমান্ড মঞ্জুর

গ্রেফতার জঙ্গি তাওহীদুল

মুফতি মাওলানা মো. তাওহীদুল ইসলাম ওরফে জুবায়ের ওরফে জুনায়েদ ওরফে আবু সাদ (২৭) নামে এক জঙ্গিকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। এ সময় তার কাছ থেকে জঙ্গিবাদী লিফলেট জব্দ করা হয়। বুধবার গভীর রাতে ঢাকার লালবাগ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।  বৃহস্পতিবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব-১১ এর সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. শাকিল আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি আরও জানান, সে জঙ্গি সংগঠন জেএমবি’র সারোয়ার গ্রুপের একজন সক্রিয় সদস্য। গ্রেফতার মুফতি মাওলানা তাওহীদুল একাধিক মামলার পলাতক আসামি। গ্রেফতারকৃত মুফতি মাওলানা তাওহীদুল ইসলাম ২০০৫ সালে ঢাকার লালবাগের একটি মাদ্রাসা থেকে হেফজ পাশ করে। পরে ঢাকার বিভিন্ন এলাকায় ছাত্র পড়ানোর কাজ শুরু করে। এ সময় জনৈক শাহজাহানের মাধ্যমে সে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ বা হুজিতে যোগ দেয়। ২০১২ সালে সাজিদ নামে এক জেএমবি সদস্যের সঙ্গে তাওহীদুলের পরিচয় হয়।  ওই সূত্র ধরে সে জেএমবির কার্যক্রমের সঙ্গে যুক্ত হয়। সে ২০১৬ সালের শুরুর দিকে সম্পূর্ণরূপে হুজি ত্যাগ করে জেএমবির সারোয়ার গ্রুপে যোগ দেয়। ২০১৬ সালের মে মাসে সে ঢাকার তেজগাঁও এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে আরবি শিক্ষার কোচিং সেন্টার খুলে। এই কোচিং সেন্টারে জেএমবির ১২-১৫ জন সদস্য তার কাছে আরবি ভাষা শিখে। সংগঠনের সদস্যদের আরবি শেখানোর পাশাপাশি সে ইন্টারনেট থেকে উগ্র মতাবাদসহ বিভিন্ন বার্তা ও বই অনুবাদ করে দিত। এভাবে তাওহীদ জেএমবির সারোয়ার গ্রুপের সদস্যদের মাঝে ব্যাপক পরিচিতি লাভ করে। সর্বশেষ সে জেএমবির সারোয়ার গ্রুপের শীর্ষ পর্যায়ে নেতৃত্ব দেওয়াসহ সদস্যদের মধ্যে সমন্বয়কারী হিসেবে কাজ করতে থাকে।

বৃহস্পতিবার বিকেলে তাকে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবিরের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডর আবেদন করে র‌্যাব। শুনানি শেষে আদালত তাওহীদুলের তিন দিনের রিমান্ড মঞ্জুর করে।

আরও পড়ুন: স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, আটক-২