পিইসিতে পাসের দিক থেকে গোপালগঞ্জ সারাদেশে সেরা





ফল সংগ্রহ করছেন অভিভাবকরাপাসের দিক থেকে জেলা পর্যায়ে প্রাথমিক সমাপনী পরীক্ষায় (পিইসি) সারাদেশের মধ্যে গোপালগঞ্জ জেলা প্রথম হয়েছে। এ জেলা থেকে ৯৯.৩৯% শিক্ষার্থী পাস করেছে। জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় থেকে মোট ২ হাজার ৩শ’ ৩১ জন জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে ছেলে ১ হাজার ৮২ জন এবং মেয়ে ১ হাজার ২শ’ ৪৯জন।

এ বছর গোপালগঞ্জের ৫ উপজেলার ৮শ’ ৫৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বিভিন্ন বেসরকারি স্কুল থেকে মোট ২৩ হাজার ৭শ’ ৭জন শিক্ষার্থী পিইসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে গোপালগঞ্জ সদরে ৯৯.৫৮%, কোটালীপাড়ায় ৯৯.৩৭%, কাশিয়ানীতে ৯৯.৪৩%, টুঙ্গিপাড়ায় ৯৯.৪৯% এবং মুকসুদপুর উপজেলায় ৯৮.৯২% শিক্ষার্থী পাস করেছে।

জেলা শহরের মালেকা একাডেমি থেকে ৪৬ জন শিক্ষার্থী অংশ নিয়ে সবাই জিপিএ-৫ পেয়েছে। অন্যদিকে জেলা শহরের বিণাপাণি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১শ’ ৩জন জিপিএ-৫ এবং এস এম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৮৪ জন জিপিএ-৫সহ এ বছর শতভাগ শিক্ষার্থী পাস করেছে।