মুন্সীগঞ্জে আ. লীগের দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৭

munshigonjমুন্সীগঞ্জের সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৩ জানুয়ারি) সকাল থেকে মোল্লাকান্দি ইউপি চেয়ারম্যান মহসিনা হক কল্পনা ও সাবেক ইউপি চেয়ারম্যান, সদর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিপন পাটোয়ারীর সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালীন শতাধিক ককটেল বিস্ফোরণ, গুলিবর্ষণ ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে।
গুলিবিদ্ধরা হলেন- লিজা (৩০), মীম (১৫), খালেদা আক্তার (৩৫), ফালান (৩৫), সজল হোসেন ও বাকি দুই জনের নাম এখনও জানা যায়নি।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শৈবাল বশাক জানান, অজ্ঞাতনামা দুই জনসহ সাত জন গুলিবিদ্ধদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মুন্সীগঞ্জ পুলিশের এডিশনাল পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকাল থেকেই আমঘাটা এলাকায় শতাধিক ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়েন্ত্রণে আনে। এই ঘটনায় কাউকে এখনও আটক করা হয়নি। তবে একটি বিদেশি বন্দুক উদ্ধার করা হয়েছে। বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।’