আহতরা হলেন ঢাকা রিজার্ভ ফোর্সে (আর.আর.এফ) কর্মরত কনস্টেবল মোশারফ হোসেন (নং-৬৬৪) এবং রাঙামাটি পুলিশ লাইনের কনস্টেবল এ টি এম রুহুল আমিন (নং-৪১০)।
মোশারফ হোসেনের সহকর্মী কনস্টেবল ইদ্রিস আলী জানান, ১০ জানুয়ারি ঢাকা অফিস থেকে তারা বিশ্ব ইজতেমার দায়িত্ব পালন করতে টঙ্গীতে যান। টঙ্গী সাহাজউদ্দিন স্কুল ভবনে তাদের থাকার ব্যবস্থা করা হয়। সেখানে রবিবার দুপুরে ওই স্কুল ভবনের ছাদে ট্যাঙ্কির পানিতে গোসল করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন মোশারফ হোসেন। গুরুতর আহত অবস্থায় তাকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তার গ্রামের বাড়ি গাজীপুরের শ্রীপুরে।
এদিকে, টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক পারভেজ হোসেন জানান, রাঙামাটি পুলিশ লাইনের কনস্টেবল এ টি এম রুহুল আমিন রবিবার টঙ্গীতে ইজতেমা এলাকায় দায়িত্ব পালন করছিলেন। দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টঙ্গীর মন্নুগেট এলাকায় অনাবিল পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।