মুন্সীগঞ্জে পুলিশ ও র‌্যাবের নিরাপত্তা জোরদার, আটক ১৪

চেয়ারপারসন খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে নাশকতা করতে পারে বা পূর্বে নাশকতা করেছে এমন ১৪ জনকে আটক করেছে মুন্সীগঞ্জ জেলা পুলিশ। ৮ ফেব্রুয়ারি রায়কে কেন্দ্র করে নাশকতা রোধ করার লক্ষ্যে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। নিয়মিত পেট্রোল পার্টি জোরদার করার পাশাপাশি  চেকপোস্টও বসানো হয়েছে। দাগী ও তালিকাভুক্ত আসামিদের ধরার জন্য বিশেষ অভিযান চালানো হচ্ছে। পুলিশের পক্ষ থেকে সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনাগুলোতে চিঠি দিয়ে কর্তৃপক্ষকে সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকতে বলা বলেছে।

মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. জায়েদুল আলম পিপিএম এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রায়কে কেন্দ্র করে নাশকতা করতে পারে সন্দেহে বা এরইমধ্যে নাশকতা করেছে তাদের আটক করা হচ্ছে। গতকাল (মঙ্গলবার) পর্যন্ত এরকম ১৪ জনকে আটক করা হয়েছে।

নাশকতা রোধে পুলিশের দেওয়া চিঠি সম্পর্কে তিনি জানান,‘এটি আমাদের একটি রুটিন কাজ। নাশকতা রোধে ও নিরাপত্তার স্বার্থে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মাধ্যমে বিভিন্ন অফিস ও আদালতে মাঝে মধ্যে চিঠি দেওয়া হয়।

এদিকে, রায়কে কেন্দ্র করে ঢাকা-মাওয়া মহাসড়কে র‌্যাবের টহল ও চেকপোস্ট জোরদার করা হয়েছে।

র‌্যাব-১১ সিপিসি ১ এর কোম্পানি কমান্ডার সহকারী পরিচালক মো. নাহিদ হাসান জনি বলেন, ‘মুন্সীগঞ্জের আইন শৃঙ্খলা রক্ষায় আমরা সর্বদা প্রস্তুত আছি। র‌্যাব হেড কোয়াটারের নির্দেশ অনুযায়ী ঢাকা-মাওয়া মহাসড়কসহ শহরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আমাদের নজরদারী আছে। আমাদের তল্লাশি ও টহল দুটোই চলমান আছে।’

আরও পড়ুন: সাতক্ষীরায় তিন দিনে বিএনপি-জামায়াতের ১০৫ নেতাকর্মী আটক