সিদ্ধিরগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার

নারায়ণগঞ্জনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আনন্দ মিয়া (১৬) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে সিদ্ধিরগঞ্জের দক্ষিণ আজিবপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর শুক্রবার শিশুটির মা বাদী হয়ে  সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা করেন।

গ্রেফতার আনন্দ মিয়া সিদ্ধিরগঞ্জের দক্ষিণ আজিবপুরের চাঁন বাদশার ছেলে।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রকিবুল হোসেন জানান, গত ১২ ফেব্রুয়ারি বেলা সাড়ে ৩টার সময় আনন্দ মিয়া শিশুটিকে বাদাম কিনে দেওয়ার কথা বলে পার্শ্ববর্তী আটি এলাকার পরিত্যক্ত মনোয়ারা জুট মিলে নিয়ে যায়। এ সময় সে শিশুটিকে ধর্ষণ করে। পরবর্তীতে শিশুটি বাড়ি গিয়ে তার মা-বাবাকে জানায়। প্রথমে শিশুটির পরিবার লোকলজ্জার ভয়ে বিষয়টি কাউকে জানায়নি। পরে ঘটনা জানাজানি হলে বৃহস্পতিবার রাতে পুলিশকে অবহিত করে শিশুর পরিবার। বৃহস্পতিবার রাতেই এলাকায় গিয়ে অভিযুক্ত আনন্দ মিয়াকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। এ ঘটনায় শুক্রবার ওই শিশুর মা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। আনন্দ মিয়াকে শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ওই শিশুর ডাক্তারি পরীক্ষার জন্য শনিবার হাসপাতালে পাঠানো হবে।